দ্য ওয়াল ব্যুরো: নবান্নে সরকারি কর্মীদের এবার ১০০ শতাংশ হাজিরা দেওয়ার কথা বলে বিজ্ঞপ্তি জারি করল একাধিক দফতর। আজ, বৃহস্পতিবার এই বিজ্ঞপ্তি জারি হয়। স্থায়ী কর্মী এবং ঠিকাকর্মী-- উভয়ের জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে।
গত বছরের মার্চ মাস থেকে টানা লকডাউনে সব বন্ধ ছিল। তার পরে অফিস-কাছারি খুললেও, করোনা আবহে ৫০ শতাংশ কর্মী নিয়ে চলছিল অফিসের কাজ। বাকি ৫০ শতাংশ কর্মী কাজ করছিলেন বাড়ি থেকে। বেসরকারি অফিসগুলিকেও যতটা সম্ভব ওয়ার্ক ফ্রম হোম করার আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, করোনা সংক্রমণের মোকাবিলায় সরকারি কর্মচারীদের স্বাস্থ্যের কথা ভেবে নতুন করে গাইডলাইনও জারি করেছিল রাজ্য সরকার৷ প্রতিটি বিভাগে ‘রোস্টার’ অনুযায়ী এতদিন ঘুরিয়ে ফিরিয়ে ৫০ শতাংশ কর্মী নিয়েই তাই কাজ কাজ চালাচ্ছিল দফতরগুলি।
তবে এখন পরিস্থিতি অনেকটা ভাল হয়েছে, যানবাহন চলাচলও আগের মতো হয়েছে। এবার থেকে নবান্নে কর্মীদের ১০০ শতাংশ হাজিরাই দিতে হবে বলেই নির্দেশ উপরমহলের।
সামনেই ভোট৷ এখন এমনিতেই সরকারি কাজকর্ম অনেক বেশি। কাজের চাপ সামাল দেওয়ার জন্য লোকবলও বেশি প্রয়োজন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এখন একাধিক সরকারি প্রকল্প চলছে। 'দুয়ারে সরকার'-এর মতো বিভিন্ন কর্মসূচির জন্য অনেক অফিসারদের প্রয়োজন, প্রয়োজন কর্মীদেরও সেই কারণেই দফতরগুলির আধিকারিক ও কর্মীদের হাজিরা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও ঠিকাকর্মীরা যাতে কাজের সময় পুরোটাই অফিসে থাকেন, সে কথাও বলা হয়েছে।
বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭০ হাজার ৫৮১৷ মৃত্যু হয়েছে মোট ১০ হাজার ১৯৫ জনের৷ তবে মোট করোনামুক্তও হয়েছেন ৫ লক্ষ ৫৫ হাজার ১৯০ জন৷ তার ফলে রাজ্যে এই মূহুর্তে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা কমে ৫ হাজার ১৯৬ জন৷ গতকালই ২০১ জন করোনা আক্রান্ত হয়েছেন রাজ্যে, মারা গেছেন ৭ জন।
এই পরিস্থিতিকে অনেকটাই ভাল বলে মনে করছে সরকার। সংক্রমণের প্রকোপও কমে গেছে অনেকটাই। ধীরে ধীরে খুলে দেওয়া হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান, চালু হয়েছে যানবাহন। সব ঠিক থাকলে আগামী সপ্তাহেই খুলে যাবে স্কুলও। ফলে নবান্নের সরকারি কাজকর্মও যে এবার পুরোদমে চালু হবে, সে কথা বলাই বাহুল্য।