দ্য ওয়াল ব্যুরো: একুশের মঞ্চে তখন বক্তৃতা করছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। সেই সময়েই সমাবেশে উপস্থিত হন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় মঞ্চে উপস্থিত গায়ক নচিকেতাকে গান গাইবার জন্য অনুরোধ করেন। শুরু হয় নচিকেতার বিখ্যাত গান 'একদিন ঝড় থেমে যাবে/পৃথিবী আবার শান্ত হবে।'
এরপরেই মঞ্চে ওঠেন নেত্রী। একে একে নাম ধরে ডেকে নেন মঞ্চে উপস্থিত সবাইকে। জানান অভিবাদন। আর অতিথি তালিকায় তৃণমূলের প্রথম সারির তাবড় তাবড় নেতাদের পাশাপাশি এ দিন উপস্থিত ছিলেন তারকারাও। টেলি টু টলি, কে ছিল না সেখানে! কার্যত চাঁদের হাট বসেছিল ধর্মতলার একুশের মঞ্চে। সাংসদ দেব, শতাব্দী রায়ের পাশাপাশি শনিবারের সমাবেশে উপস্থিত ছিলেন টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা। ছিলেন জুন মালিয়া, দীপঙ্কর দে, মিমি চক্রবর্তী, নুসরত জাহান, তনুশ্রী, ইন্দ্রাণী হালদার, সোহম, হিরণ, যশ, ঋতিকা, বনি, কৌশানি, রুদ্রনীল। ছিলেন টেলিভিশন জগতের পরিচিত মুখ রণিতা দাস, ভরত কল। এ ছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল, সুদেষ্ণা রায়, গায়ক সৌমিত্র।
দলনেত্রীকে দেখার পাশাপাশি একুশে জুলাইয়ের সমাবেশে আসা সেলিব্রিটিদের নিয়েও দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। দলনেত্রীর বার্তার পাশাপাশি তারকাদের ঝলক--সব মিলিয়ে একুশের সভামঞ্চ ছিল একেবারে জমজমাট।