কাজের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ভিন রাজ্যে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ, উঠল দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ১৪ বছরের সপ্তম শ্রেণীর নাবালিকা ছাত্রীকে কাজের প্রলোভন দেখিয়ে অন্ধ্রপ্রদেশে নিয়ে গিয়েছিল প্রতিবেশী বছর বাইশের যুবক সাদ্দাম গাজী। এই যুবক সম্পর্কে কিশোরীর কাকা হয় বলে পরিবারসূত্রে জানা গেছে। সেখানে নিয়ে গি
শেষ আপডেট: 4 September 2020 06:45
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ১৪ বছরের সপ্তম শ্রেণীর নাবালিকা ছাত্রীকে কাজের প্রলোভন দেখিয়ে অন্ধ্রপ্রদেশে নিয়ে গিয়েছিল প্রতিবেশী বছর বাইশের যুবক সাদ্দাম গাজী। এই যুবক সম্পর্কে কিশোরীর কাকা হয় বলে পরিবারসূত্রে জানা গেছে। সেখানে নিয়ে গিয়ে কাজ দেওয়ার বদলে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করে ওই দূরসম্পর্কীত কাকা। বৃহস্পতিবার ৩রা জুন বসিরহাট থানার পুলিশের কাছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ জানিয়েছে কিশোরীর পরিবার।
পুলিশকে ওই নাবালিকা জানিয়েছে, অভিযুক্ত যুবক ভাটির ঠিকাদারির কাজের সঙ্গে যুক্ত ছিল। ২০২০ সালের ফেব্রুয়ারি মাস নাগাদ অন্যরাজ্যে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে নিয়ে ভিনরাজ্যে পাড়ি দেয় যুবক।
কাজ দেওয়া তো দূর, অন্ধ্রপ্রদেশে পৌঁছে ওই নাবালিকাকে বারবার ধর্ষণ করে অভিযুক্ত যুবক৷ ধর্ষণের পাশাপাশি মেয়েটিকে রীতিমতো ভয় দেখানোও হয়েছিল বলে জানা গেছে। ধর্ষণের কথা যাতে কোনওভাবেই বসিরহাটের বাড়িতে জানাজানি না হয়, তার জন্য তাকে নিয়মিত শাসাত এবং ভয় দেখাত সাদ্দাম। প্রতিদিনের অত্যাচারে ও শাসানিতে ১৪ বছরের ওই ছাত্রী শারীরিক ও মানসিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়়। তার উপর লকডাউনের জেরে অন্য রাজ্যে আটকে পড়ায় বাড়ি ফেরার সুযোগ পাচ্ছিল না কিশোরীটি। তবে বাড়িতে ফোন করে একাধিকবার সমস্ত কথা জানানোর চেষ্টা করে সে।
আগস্ট মাসের ১ তারিখ লকডাউন কিছুটা শিথিল হলে পাইকপাড়ার বাড়িতে ফিরে আসে ওই নির্যাতিতা। তারপরই পুরো বিষয়টা গ্রামের মানুষকে জানিয়ে দেবে বলে মনস্থির করে ওই নাবালিকা ছাত্রী। ছাত্রীর অভিযোগ, কয়েক মাস আগেই সম্পর্কে কাকা সাদ্দাম মেয়েটির চুল কেটে তার মাথা ন্যাড়া করে দেয়। এমনকি যাতে কোনওভাবেই পুলিশে অভিযোগ না করা হয়, সে কথা জানিয়ে ঐ যুবক নির্যাতিতা ও তার পরিবারকে একাধিকবার ভয় দেখানো হয়।

একমাসের বেশি সময় চুপ করে থাকার পর ৩রা সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় নাবালিকা তার বাবা মা'কে সঙ্গে করে সোজা বসিরহাট থানায় গিয়ে নিজেই ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে।
এই ঘটনা প্রকাশ্যে আসায় প্রবল ক্ষোভে ফুটছে এলাকাবাসী। অভিযুক্ত যুবক গা ঢাকা দিয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, সবদিক দেখেশুনে তদন্তে এগোনো হবে। নির্যাতিতা নাবালিকা ও তার পরিবারের হয়ে স্থানীয় ব্লক কংগ্রেসের সভাপতি কাদের সরদার দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।