দ্য ওয়াল ব্যুরো : পশ্চিমবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে (Natural Disaster) যে জেলাটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, তার নাম দক্ষিণ ২৪ পরগনা। আয়লা, ফণি, আমফান কিংবা ইয়াশ, প্রতিটি ঘূর্ণিঝড়ই স্থায়ী ক্ষত সৃষ্টি করেছে এই জেলায়। আগামী দিনে বিপর্যয় হলে যাতে দ্রুত সংশ্লিষ্ট এলাকায় ত্রাণ পৌঁছানো যায়, সেজন্য জেলার চারটি জায়গায় স্থায়ী হেলিপ্যাড নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন জেলাশাসক। সম্প্রতি সেই প্রস্তাব অনুমোদন করেছে পরিবহণ দফতর।
গত ১৫ সেপ্টেম্বর পরিবহণ সচিব এসম্পর্কে একটি চিঠি দেন পূর্ত সচিবকে। তাতে উল্লেখ করা হয়, গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ ও ডায়মন্ডহারবার টু ব্লকে স্থায়ী হেলিপ্যাড তৈরির প্রস্তাব দেওয়া হয়েছিল। এক্ষেত্রে বিপর্যস্ত এলাকায় যেমন দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়া যাবে, তেমন ভিআইপিদের যাতায়াতেও সুবিধা হবে। রাজ্য সরকারের হেলিকপ্টার ওই হেলিপ্যাডগুলিতে ওঠানামা করবে।
পূর্ত দফতরকে তাদের জন্য বরাদ্দ অর্থ দিয়েই দ্রুত হেলিপ্যাডগুলি নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে।
দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সম্প্রতি এক মেমোতে মুখ্যসচিবকে জানান, ওই জেলার এক বিস্তীর্ণ অংশ জুড়ে রয়েছে সুন্দরবন। সেখানে রয়েছে বহু দুর্গম জায়গা। নদীর বুকে রয়েছে প্রায় ১০০ দ্বীপ। গত তিন বছরে এই জেলা দু'টি সাইক্লোনের আঘাত সহ্য করেছে। তাতে বহু প্রাণহানি হয়েছে। সম্পত্তির ক্ষতিও হয়েছে বিপুল।
জেলাশাসক লিখেছেন, বিপর্যয়ের পরে প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষকে রিলিফ সেন্টারে আনা খুবই কঠিন হয়ে ওঠে। বিশেষত গর্ভবতী মহিলা ও আহতদের নিরাপদ স্থানে নিয়ে আসতে খুবই সমস্যা হয়। সেজন্যই জেলায় কয়েকটি স্থায়ী হেলিপ্যাড থাকা প্রয়োজন।