
শেষ আপডেট: 16 September 2023 04:41
দ্য ওয়াল ব্যুরো: অরণ্য প্রেমীদের জন্য সুখবর। টানা তিন মাস বন্ধ থাকার পর শনিবার থেকে ফের খুলে গেল ডুয়ার্সের সংরক্ষিত বনাঞ্চল (forest area of Dooars has reopened)। এখন থেকে বনাঞ্চলে প্রবেশ করার পাশাপাশি গভীর অরণ্যে রাত্রিবাসের জন্য বন বাংলোগুলি বুক করতে পারবেন পর্যটকেরা। এজন্য বনদফতরের তরফে সরকারি বনবাংলো অনলাইন বুকিং সিস্টেমও চালু করা হয়েছে।
বন দফতর সূত্রে জানানো হয়েছে, ১৫ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর, এই তিন মাস বন্যপ্রাণীদের প্রজননকালীন সময় হিসেবে ধরা হয়। একই সঙ্গে বর্ষার কারণে জঙ্গলে গাছপালাও বেড়ে যায়। এই সময় জঙ্গলের মধ্যে বাড়ে সাপের উপদ্রবও। তাই বন্যপ্রাণী এবং পর্যটক দু’তরফের সুবিধার্থেই ফি-বছরই এই তিন মাস জঙ্গলের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি থাকে। ফলে এতদিন বন্ধ ছিল গরুমারা, জলদাপাড়া, চাপরামারি, বক্সা, নেওড়া সহ সমস্ত বনাঞ্চল।
নিষেধাজ্ঞা উঠতেই (forest area of Dooars has reopened) শনিবার থেকে ডুয়ার্সের বন বাংলোগুলি সাজিয়ে তোলা হচ্ছে। পর্যটকরা যাতে গহীন অরণ্য ভ্রমণে যেতে পারেন সেজন্য তৈরি রাখা হচ্ছে কুনকি হাতিদেরও। বন দফতর সূত্রের খবর, বুকিং চালুর পর থেকেই অনলাইনে উপচে পড়ছে পর্যটকদের ভিড়। ফলে লক্ষ্মীলাভের আশা দেখছে বন দফতর এবং ডুয়ার্স বনাঞ্চলের বাসিন্দারা।
অতীতে হাতির পিঠে কিংবা গাড়িতে করে জঙ্গল সাফারিতে বেরিয়ে মাঝ রাস্তায় বন্যপ্রাণীদের ছবি তোলার চেষ্টা করে বিপদের মাঝে পড়েছিলেন একাংশ পর্যটক। অতীতে বন্যপ্রাণীর হাতে একাধিক পর্যটকের মৃত্যুও ঘটেছে। বনকর্তাদের কথায়, এভাবে ছবি তোলায় বিরক্ত হয় বন্যপ্রাণীরা। তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে জঙ্গল সফরে এসে ঘণ্টার পর ঘণ্টা বন্যপ্রাণীর ছবি তুলে তাদের বিরক্ত না করার জন্য পর্যটকদের উদ্দেশে প্রচার শুরু করেছে বন দফতর। একই সঙ্গে বাড়তি নজরদারির ব্যবস্থাও করা হচ্ছে।
আরও পড়ুন: বর্ষা যেন আতঙ্কের প্রহর! মশা প্রাণ নিল আরও এক যুবকের, ডেঙ্গিতে মৃত্যুমিছিল থামছে না