
শেষ আপডেট: 2 September 2023 12:42
দ্য ওয়াল ব্যুরো: লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার ১৬টি ফাইল ডাউনলোড করেছে ইডি, সেই অভিযোগ গড়িয়েছে হাইকোর্টে। শনিবার হাইকোর্ট (High Court) ওই ১৬টি ফাইল ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়েছে (forensic report of 16 files)। সেই রিপোর্ট হাতে পেলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার রায় দেবেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
১৬টি ফাইল এল কীভাবে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার (Leaps and Bounds) কম্পিউটারে, লালবাজারের তরফে ইডির কাছে জানতে চাওয়া হয়। সেই প্রশ্নের উত্তরে ইডি জানায়, মিথিলেশ কুমার মিশ্র নামে তাদের এক অফিসার নিজের মেয়ের হস্টেলের খোঁজ করছিল কম্পিউটারে। সেসময়ই ডাউনলোড হয়ে যায় ফাইলগুলি।
গত ২১ অগস্ট নিয়োগ দুর্নীতির তদন্তে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার অফিসে ম্যারাথন তল্লাশি অভিযান চালায় ইডি। তল্লাশি শেষে কোম্পানির বেশকিছু নথি নিয়ে যান ইডি আধিকারিক। তারপর ইডি এই তল্লাশি অভিযান নিয়ে একটি বিবৃতি জারি করে। তাতে সরাসরি নাম জড়িয়ে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
অন্য একটি মামলায় বিচারপতি অমৃতা সিনহা ইডির থেকে জানতে চায়, অভিষেকের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির তদন্তের অগ্রগতি কেমন। বৃহস্পতিবারই অভিষেক হাইকোর্টে মামলা করেন। তাঁর আইনজীবীর বক্তব্য ছিল, ইডির আবেদন খারিজের দাবিতে করা মামলা এখনও বিচারাধীন। শুনানি শেষে ওই মামলার রায়দান স্থগিত রয়েছে। তারমধ্যে একই মামলায় ফের কীভাবে ইডি তৎপর হতে পারে?
শুক্রবার এই মামলার শুনানিতে বিচারপতি ঘোষ বলেন, 'শনিবারের মধ্যে ওই ১৬টি ফাইল আদালতে জমা দিতে হবে। এই মামলায় আগেই ইসিআর বাতিলের আবেদন করা হয়েছিল। তারপর ফের নতুন করে কেন আবেদন করা হল? একই মামলা দু’টি কোর্টে চলবে তা কী করে হয়? এ নিয়ে যাবতীয় বিতর্ক শেষ করতে চাই।'
আরও পড়ুন: পার্থ-শোভনের হঠাৎ দেখা! একসময়ের সহকর্মীকে লকআপে দেখে কী বললেন প্রাক্তন মেয়র