দ্য ওয়াল ব্যুরো: মে মাসের প্রথম সপ্তাহ কাটতে চলল প্রায়, এখনও সেই অস্বস্তিকর গরম পড়েনি। তাপমাত্রা কিছুটা কম থাকায় খানিক স্বস্তিতেই আছেন রাজ্যবাসী। এর কারণ গত কয়েক দিন ধরেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে হলেও দফায় দফায় বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে ফের কালবৈশাখীর পূর্বাভাস জানানো হল এর মধ্যেই। পাশাপাশি আগামী ৭২ ঘণ্টায় রাজ্যের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
আবহবিদরা জানিয়েছেন, বাংলাদেশ এবং রাজস্থানে জোড়া ঘূর্ণাবর্ত অবস্থান করছে এখন। আরও একটি দুর্বল ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে মধ্যপ্রদেশে। রাজস্থানের ঘূর্ণাবর্তটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা বরাবর অবস্থান করছে। অন্যটি মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের উপর দিয়ে বিহার হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঢুকেছে। এই ঘূর্ণাবর্তগুলির কারণেই বায়ুমণ্ডলে প্রচুর জলীয় বাষ্প জমছে বলে জানিয়েছেন তাঁরা। এর ফলে দেখা দিয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা ।
দক্ষিণ আন্দামান সাগরের আরও একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে ধীর গতিতে। এটি শক্তি বাড়ালে আগামী তিন দিন পর্যনিত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। পাশাপাশি রাজস্থান এবং মধ্যপ্রদেশের জোড়া ঘূর্ণাবর্তের কারনে মঙ্গল ও বুধবার বৃষ্টি ও ঝড়ের দাপট বাড়বে দক্ষিণবঙ্গে। রয়েছে কালবৈশাখীর সম্ভাবনাও।
আজ, মঙ্গলবার কিছু কিছু এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুত্-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী তিন দিনই এমনই আবহাওয়া থাকবে। কলকাতা-সহ একাধিক জেলায় হতে পারে ভারী বৃষ্টি।