
ফাইল ছবি।
শেষ আপডেট: 28 April 2024 13:59
দ্য ওয়াল ব্যুরো: রাতারাতি পাহাড়ের জনসংখ্যা যেন বেড়ে গেছে!
দার্জিলিংয়ে থিক থিক করছে কালো মাথার ভিড়। তীব্র তাপদাহের কারণে অন্যবারের চেয়ে এবারে এপ্রিলে পর্যটকের ভিড় পাহাড়ে উপচে পড়ছে বলে মনে করা হচ্ছে।
বস্তুত, তীব্র তাপ প্রবাহ কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে। প্রায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে চড়ছে পারদ। তাপপ্রবাহের নিরিখে রাজস্থানের জয়পুরকেও পিছনে ফেলে দিয়েছে কলকাতা!
রবিবার ৪২ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে কলকাতার তাপমাত্রা। দক্ষিণবঙ্গের জেলাগুলির অবস্থা আরও শোচনীয়। গড় তাপমাত্রা ৪৩-৪৪ ডিগ্রি। বাস্তবে অনুভূত হচ্ছে আরও ৩ থেকে ৪ ডিগ্রি বেশি।
অন্যদিকে রবিবার দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা ২১.৭ ডিগ্রি, সর্বনিম্ন ১২.২ ডিগ্রি! স্বভাবতই, উত্তরবঙ্গের প্রায় সবকটি ট্রেন হাউসফুল! মাছি গলার জায়গা নেই ভলভো বাসেও।
দেশজুড়ে চলছে লোকসভা ভোট। ২৭ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হয়েছে দার্জিলিঙে। এক হোটেল ব্যবসায়ীর কথায়, ভোটের সময়ও পর্যটকরা অনেকে এসেছেন। তবে ২৭ তারিখ ভোট মিটতেই এক ধাক্কায় ভিড়টা যেন অনেক বেড়ে গেছে।।
একই কথা শোনালেন বর্ধমান থেকে পাহাড়ে বেড়াতে যাওয়া সীমা দে। বললেন, " গত সাতদিন ধরে যেভাবে লাফিয়ে লাফিয়ে তাপমাত্রা বেড়েছে তাতে আর গরম সহ্য করা যাচ্ছিল না। ছেলের স্কুলেও ছুটি পড়ে গেছে কয়েকদিন আগে। ভোটের জন্য অপেক্ষা করছিলাম। ভোট শেষ হতেই চলে এসেছি।"
আপাতত এক সপ্তাহে সপরিবারে থাকবেন বলে জানালেন। একইভাবে কলকাতা, বোলপুর, আসানসোল, পুরুলিয়া থেকেও পাহাড়ে ভিড় জমিয়েছেন পর্যটকেরা।
বিষ্ণুপুরের শাশ্বতী চট্টোপাধ্যায়ের কথায়, "আমাদের ওখানে সকাল ১০টার পর থেকে বাতাসে যেন আগুনের গোলা ছুটছে। আর শিলিগুড়ি ছাড়িয়ে আধ ঘন্টা চড়াইয়ে উঠতেই ঠান্ডা বাতাস ও কুয়াশা এসে ঘিরে ধরছে। তাই পচা গরমের হাত থেকে রেহাই পেতে পাহাড়ে চলে এসেছি।"