
শেষ আপডেট: 10 May 2023 08:49
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বলির প্রসাদি মাংস খেয়ে অসুস্থ হয়ে পড়লেন গ্রামবাসীরা। এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গেছে হরিহরপাড়ায় (Hairharpara)। জ্বর, বমি, পেট খারাপ নিয়ে প্রায় ৩৫-৪০ জন একাধিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন (Food Poisoning Case)।
স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে, শুক্রবার বর্ধমানের জামাপুরে বাবারস্থান নামে একটি জায়গায় মেলা দেখতে গিয়েছিলেন হরিহরপাড়ার শ্রীহরিপুর ও শিবনগর এলাকার বাসিন্দারা। কয়েকজনের মানত থাকায় সেখানে পাঁঠা বলি দেন। এরপর কাঁচা মাংস নিয়ে তাঁরা বাড়ির উদ্দেশে রওয়ানা দেন। যদিও মাঝপথে পাটুলি নামে একটি জায়গায় ওই মাংস রান্নার তোড়জোর শুরু করেন তাঁরা। সেখানে একটি বাগানে মাংস রান্না করা হয়। খাওয়া-দাওয়া করে বাড়ি ফিরে এসেই কয়েকজনের বমি, জ্বর, পেট খারাপ শুরু হয়। বাড়াবাড়ি হওয়ায় অনেকেই চিকিৎসা করাতে ছুটে যান হরিহরপাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। তড়িঘড়ি তাঁদের সেখানে ভর্তি করে নেওয়া হয়। এরপরেই এক পর এক গ্রামবাসী একই উপসর্গ নিয়ে হাসপাতালে আসতে থাকেন। সেখানে জায়গা না থাকায় অনেকেই চলে যান মুর্শিদাবাদ কলেজ হাসপাতালে।
হাসপাতালে ভর্তি থাকা গ্রামবাসী সদানন্দ মণ্ডল জানান, গ্রাম থেকে প্রায় ৩৫-৪০জনের একটি দল বাবারস্থানের মেলায় গিয়েছিলেন। সেই দলে তিনিও ছিলেন। খাওয়াদাওয়া শেষ করে বাড়ি ফিরে তিনি অসুস্থ হয়ে পড়েন। ফেরার সময় টিফিন কৌটো করে যে মাংস তিনি পরিবারের সদস্যদের জন্য এনেছিলেন, সেটা খেয়ে তাঁর স্ত্রীও অসুস্থ হয়ে পড়েন।
শ্রীহরিপাড়ার বাসিন্দা বিউটি প্রামাণিক জানান, তিনি মেলায় যাননি। তবে তাঁর পরিবারের সদস্যরা ফিরে অসুস্থ হয়ে পড়েন।
ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার মহম্মদ সাফি জানান, আপাতত কয়েকজনের অবস্থা স্থিতিশীল রয়েছে। স্বাস্থ্যকেন্দ্র সহ মুর্শিদাবাদ হাসপাতালে কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন। মূলত রান্না করা মাংসের বিষক্রিয়ার ফলেই এই ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
মাধ্যমিকের ফল ঘোষণা সামনের সপ্তাহেই, দিন জানিয়ে দিলেন ব্রাত্য বসু