
শেষ আপডেট: 23 September 2023 07:44
দ্য ওয়াল ব্যুরো: রেশন সামগ্রী নিয়ে মাঝেমধ্যেই কারচুপির অভিযোগ তোলেন গ্রাহকরা। এবার গ্রাহকদের সেই অভিযোগ খতিয়ে দেখতে বৃষ্টি মাথায় আচমকা রেশন দোকানে হানা দিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Food Minister Rathin Ghosh)।
শনিবার সকাল। ঘটনাস্থল বারাসতের ডাকবাংলো মোড়। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। ছাতা মাথায় রেশন দোকানে দাঁড়িয়ে থাকা লম্বা লাইনে ঢুঁ মারলেন খাদ্যমন্ত্রী (Food Minister Rathin Ghosh)। নিয়মিত রেশনের সামগ্রী দেওয়া হয় কী না, জিনিসের ওজনের পরিমাণ সহ বিভিন্ন বিষয়ের খোঁজ নিলেন তিনি। এদিন বারাসতের একাধিক রেশন দোকানে আচমকা হানা দেন খাদ্যমন্ত্রী।
কেন? রথীনবাবু জানান, উপভোক্তা দিবস উপলক্ষ্যে ২৩ এবং ২৪ সেপ্টেম্বর দু’দিন ধরে সারা রাজ্যজুড়ে রেশন আধিকারিকরা বিভিন্ন রেশন দোকানে যাচ্ছেন। গ্রাহক এবং ডিলার দু’তরফের সুবিধা অসুবিধার খোঁজ নেওয়া হচ্ছে। সেকারণেই তাঁর এই সফর।
হাতের কাছে খাদ্যমন্ত্রীকে পেয়ে ছেঁকে ধরেন গ্রাহকেরা। অরুণ কুমার দত্ত নামে এক গ্রাহক খাদ্যমন্ত্রীকে বলেন, "সপ্তাহের কোন দিনে কোন এলাকার সামগ্রী দেওয়া হবে, সেই সামগ্রীর পরিমাণ কত- এগুলোর জন্য রেশল দোকানের ডিসপ্লে বোর্ডটা খুব ছোট। ওটা বড় করলে ভাল হয়।" অরুণবাবুর বক্তব্যকে সমর্থন জানান খাদ্যমন্ত্রী। তিনি ডিলারকে নির্দেশ দেন, এরপর থেকে রেশন দোকানে যেন বড় ডিসপ্লে লাগানো হয়।
বারাসতের নতুন পুকুরের অন্য একটি রেশন দোকানে গ্রাহকদের একাংশ খাদ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেন যে রেশন দেওয়ার সময় অতিরিক্ত টাকা নিচ্ছেন রেশন দোকানদার। যদিও দেখা যায়, ধূপকাঠি সহ বিভিন্ন সামগ্রী বাবদ টাকা নিচ্ছেন দোকানাদর। এভাবে রেশন ছাড়াও অন্যান্য সামগ্রী রেশন দোকান থেকে বিক্রি করা যায় কী না তা নিয়েও প্রশ্ন তোলেন একাংশ গ্রাহক।
খাদ্যমন্ত্রী অবশ্য জানান, কিছু সামগ্রী আছে যেগুলো রেশন দোকানে বিক্রি করা যায়। এগুলোকে নন পিডি আইটেম বলে। সেই জিনিসের জন্য উনি টাকা নিয়েছিলেন। তবে নন পিডি আইটেমের জন্য আলাদা তালিকা তৈরি করে দোকানের ডিসপ্লে বোর্ডে লাগানোর নির্দেশ দেন খাদ্য মন্ত্রী।
পরে তিনি বলেন, “গ্রাহকরা সঠিক পরিমাণ মতো সামগ্রী পাচ্ছেন কি না, তাঁদের কোনও অসুবিধা হচ্ছে কী না সেগুলো জানার জন্যই আসা। একইভাবে ডিলারদের কোনও সমস্যা হচ্ছে কী না, তাও খোঁজ নেওয়া হয়েছে।”
আরও পড়ুন: হুগলি ছয়লাপ ইন্ডিয়া জোটের ব্যানারে, রাতের অন্ধকারে কারা টাঙাল তা নিয়ে জল্পনা