নকিবউদ্দীন গাজী: বর্ষার বৃষ্টি শুরু হয়নি সে ভাবে। তার আগেই ভরা কোটালের জলে বাঁধ ভেঙে ভাসলো গঙ্গাসাগরের মনসাতলা। বর্ষার শুরুতেই যদি সব ভাসে, তবে ভরা বর্ষায় কী হবে তা ভেবে রাতের ঘুম গেছে বাসিন্দাদের।
শুক্রবার সকাল ৯টা নাগাদ সাগরের জল ভাসিয়ে নিয়ে যায় গঙ্গাসাগর থানার ধবলাট পঞ্চায়েতের মনসাতলা। মাটির বাঁধ ভেঙে নোনা জল ঢুকে পড়ে এলাকায়। ঘরে জল ঢোকায় উঁচু রাস্তায় আশ্রয় নেন মানুষ। জমিতে নোনা জল ঢুকে যাওয়ায় চাষে ক্ষতির আশঙ্কাও কপালে ভাঁজ ফেলেছে তাঁদের। রাতে ফের কোটালের জল ঢুকবে গ্রামে। তাই আতঙ্কে প্রহর গুনছেন বাসিন্দারা।
সাগরের তৃণমূল বিধায়ক বঙ্কিম হাজরা বলেন, "কোটালের সময়েই সমস্যাটা বাড়ে। সেচ দফতরকে জানানো হয়েছে। বর্ষার আগেই যাতে রিঙ বাঁধ দেওয়া যায় তার চেষ্টা হচ্ছে।''
তবে এই প্রতিশ্রুতি অর্থহীন মনসাতলার বাসিন্দাদের কাছে। তাঁরা বলছেন, "গত সাত বছরে একবারও এই এলাকায় বাঁধ মেরামতিতে হাত দেয়নি প্রশাসন। বারবার আর্জি জানিয়েও কোনও ফল হয়নি। কোটাল এলেই মাটির বাঁধ ভেঙে জল ঢুকে পড়ে। আমাদের বিঘের পর বিঘে চাষের জমি ভেসে গিয়েছে। নোনা জল ঢুকে অনাবাদী হয়ে গিয়েছে।"
আবারও বর্ষা আসছে। প্রশাসন, জলপ্রতিনিধি কেউই পাশে দাঁড়াবেন না এটা ধরে নিয়েই লড়াই করার মানসিক প্রস্তুতি নিচ্ছে মনসাতলা।