আগ্রায় বাঁদরের বড্ড উৎপাত, ট্রাম্প-দম্পতির নিরাপত্তায় বহাল হল পাঁচ পেল্লায় হনুমান
দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট বলে কথা, তাঁর অভ্যর্থনায় সামান্য ত্রুটিও চলবে না। তাজমহলের শহরে ২৪ ফেব্রুয়ারি পা দেবেন ট্রাম্প-দম্পতি। সূর্য পাটে যাওয়ার পরে তাজমহল দেখার বড় শখ ট্রাম্প-পত্নী মেলানিয়ার। কিন্তু গোল বাঁধিয়েছে আগ্রার কুখ্য
শেষ আপডেট: 22 February 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট বলে কথা, তাঁর অভ্যর্থনায় সামান্য ত্রুটিও চলবে না। তাজমহলের শহরে ২৪ ফেব্রুয়ারি পা দেবেন ট্রাম্প-দম্পতি। সূর্য পাটে যাওয়ার পরে তাজমহল দেখার বড় শখ ট্রাম্প-পত্নী মেলানিয়ার। কিন্তু গোল বাঁধিয়েছে আগ্রার কুখ্যাত বাঁদর বাহিনী। যত্রতত্র তাদের লাফালাফি। মানুষ দেখলেই ঘাড়ে লাফানোর চেষ্টা। এমন বাঁদর বাহিনীর বাঁদরামোতে অতীষ্ট আগ্রার বাসিন্দারাও। সেখানে মার্কিন প্রেসিডেন্টের কনভয়ের সামনে যদি নাচানাচি শুরু করে দেয় বাঁদর বাহিনী, তাহলেই তো কেলেঙ্কারি! বাঁদরদের রুখতে তাই হনুমানদের কাজে নামাতে চলেছেন প্রশাসনিক কর্তারা।
২৪ ফেব্রুয়ারি আমেদাবাদ থেকে বিকাল সাড়ে চারটের সময়ে আগ্রায় আসবেন সস্ত্রীক ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিমান এয়ার ফোর্স ওয়ানের সঙ্গে আসবে দুটি ভিএইচ থ্রিডি সি প্লেন এবং হোয়াইট হক। যা আমেদাবাদ থেকে আগ্রা উড়ে যাবে। বিকালে তাজমহল দেখার পরে ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া সরাসরি রওনা হবেন দিল্লির পথে। ইতিমধ্যেই মার্কিন দূতাবাসের প্রতিনিধির তাজমহলের পরিদর্শনের উদ্যোগ নিয়েছে। প্রস্তুতি নিচ্ছে উত্তরপ্রদেশ সরকারও। তাজ ও আশেপাশের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। তাজমহলে এখন চলছে সাফাই অভিযান। এইসব কিছুর মাঝেই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সেই বাঁদর।
মার্কিন প্রেসিডেন্টের দিল্লি সফর ঘিরে এমনিতেই নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট আঁটোসাঁটো। ট্রাম্প পরিবারকে চোখে চোখে রাখার জন্য থাকবে আমেরিকান সিক্রেট সার্ভিস। তাছাড়াও নিরাপত্তার দায়িত্বে রয়েছে ১০ কোম্পানি আধাসামরিক বাহিনী, ১০ কোম্পানি এনএসজি কম্যান্ডো। সূত্রের খবর, বিমানবন্দর থেকে ট্রাম্পের কনভয় যে পথ দিয়ে যাবে তার আশপাশেই থাকবে এই হনুমানের দল। তাদের কাজ হবে বাঁদরদের দিকে কড়া নজর রাখা। এমন পাঁচটি পেল্লায় হনুমানকে নাকি বাছাই করাও হয়ে গেছে।

গত কয়েকদিন ধরেই সাজো সাজো রব আগ্রায়। শুধু নিরাপত্তাই নয়, নজর দেওয়া হয়েছে শহরের সৌন্দর্যায়নের দিকেও। ইতিমধ্যেই ৫০০ কিউসেক জল যমুনায় ছেড়েছে উত্তরপ্রদেশের সেচ দফতর। তাজমহলের মূল রাস্তায় থাকা সমস্ত বাড়ি, দোকান, রেস্তরাঁ এবং হোটেল চিহ্নিত করা হয়েছে। আগ্রা বিমানবন্দর থেকে তাজমহল যাওয়ার রাস্তাও সাজিয়ে তোলা হচ্ছে। সেই আয়োজনও এলাহি।
এর আগে ২০০০ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসাবে আগ্রা ভ্রমণ করেছিলেন বিল ক্লিনটন। যদিও বারাক ওবামাকে শেষমুহুর্তে তাজ দর্শন বাতিল করতে হয়েছিল।