শেষ আপডেট: 18 January 2020 07:40
জল থেকে উদ্ধার করে আনা হয়েছে শুকরটিকে[/caption]
সামুদ্রিক শূকর -- মৎস্যজীবীদের এই দাবি শুনে শুক্রবার বহু মানুষ ওই প্রাণীটিকে দেখতে ভিড় করেন। তখন একটি মজার গল্প মনে পড়ে যায় অনেকের। এক গ্রামের পুকুরে একবার একটি শূকর পড়ে গিয়েছিল। সেই গ্রামের লোক আগে কোনও দিন শূকর দেখেননি। তাঁরা ভাবলেন গেছো ইঁদুর কোনও কারণ জলে পড়ে ফুলে-ফেঁপে এমন আকার ধারণ করেছে। কথাটা অনেকের মনে ধরলেও তাতে গ্রামের লোকের ঠিক মন ভরল না। লোকের ভিড় দেখে শূকরটিও জল ছেড়ে উঠতে পারছে না। ছোট ছেলেরা ইট-পাটকেল ছুড়তে শুরু করে দিল সেটি উড়তে পারে কিনা পরীক্ষা করার জন্য। জেলেরা মস্ত জাল নিয়ে এলেন। এমন সময় সবাই মিলে ঠিক করলেন, গ্রামের পণ্ডিতমশাইকে ডাকা হোক। তিনি এলেন। এমন প্রাণী পণ্ডিতমশাইও দেখেননি। তিনি খানিক মাথা চুলকে নিলেন। তাঁরও মনে হল প্রাণীটি ইঁদুরের মতোই দেখতে। কিন্তু ঠিক যেন ইঁদুর নয়, মুখটাও অতটা ছুঁচলো নয়। অনেক ভেবে পণ্ডিতমশাই বললেন, প্রাণীটির নাম ‘গজক্ষয়’ অর্থাৎ হাতি ক্ষয়ে গিয়ে অমন হয়েছে।
মৎস্যজীবীরা জানিয়েছেন, এমন প্রাণী আগে কোনও দিন তাঁরা সমুদ্রে দেখেননি, কোনও দিন এমন প্রাণীর কথা শোনেনওনি। প্রাণীটি উদ্ধারের পর হুলুস্থুল পড়ে যায় গোটা এলাকায়। জীবিত অবস্থাতেই প্রাণীটিকে উদ্ধার করা হয়েছে। জল ছাড়া প্রাণীটি দিব্যি বেঁচে রয়েছেন। শূকরটিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।
শূকর সাঁতার কাটতে পারে। বাহামায় অনেকে শূকরের সঙ্গে সাঁতার কাটেন, তাদের খাওয়ানও। হতে পারে শূকরটি সাঁতরে কিছুটা যাওয়ার পরে স্রোতের টানে অনেকটা এগিয়ে গিয়েছিল। এছাড়া অন্য কোনও যুক্তিগ্রাহ্য কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না সমুদ্র থেকে শূকর উদ্ধারের।