
শেষ আপডেট: 25 July 2023 12:50
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: ইলিশ ধরে বাঘেরচরের কাছে সমুদ্রে জাল ফেলেছিলেন মৎস্যজীবীরা (Fisherman Trawler)। জাল টেনে তুলতে একদিকে হেলে গেল গোটা নৌকা! এমন বিপত্তিতে পড়েন ওই নৌকায় থাকা আট মৎস্যজীবী। অন্যান্য ট্রলারে থাকা মৎস্যজীবীদের সাহায্যে তাঁরা কোনওমতে প্রাণে রক্ষা পেয়েছেন। তবে এই দুর্ঘটনার কারণে কত টাকার মাছ নষ্ট হয়েছে তা এখনও জানা যায়নি।
দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা এক মৎস্যজীবী জানিয়েছেন, ঘোড়ামারা থেকে সোমবার তাঁরা ইলিশ ধরতে সমুদ্রে গিয়েছিলেন। সারা রাত জাল ফেলে রেখেছিলেন সমুদ্রে। মঙ্গলবার বেলার দিকে জাল তুলতে শুরু করেন তাঁরা। সেই সময় উত্তাল হয়ে ওঠে সমুদ্রও। জাল ভারী থাকায় নৌকায় তুলে আনতেও বেশ কষ্ট হচ্ছিল তাঁদের।
কয়েকদিন আগেই আশি টন ইলিশ নিয়ে বাড়ির ফেরার সময় একটি ট্রলার দুর্ঘটনার কবলে পড়ে। তবে দুঘর্টনার কবলে পড়া মৎস্যজীবীরা বেঁচে যান। প্রায় ১৭ জন মৎস্যজীবীকে উদ্ধার করে অন্য একটি ট্রলার। বর্ষা আসায় প্রায় প্রতিদিনই ট্রলার নিয়ে সমুদ্রের দিকে পাড়ি দিচ্ছেন ডায়মণ্ড হারবার, নামখানার মৎস্যজীবীরা। উত্তাল সমুদ্রে প্রায়ই তাঁরা দুর্ঘটনার কবলে পড়ছেন। তবু ‘রুপোলি শষ্য’ ইলিশের হাতছানিতে ঝুঁকি নিয়েই পাড়ি দিচ্ছেন সমুদ্রে।
আরও পড়ুন: ৮০ বছরেও সবুজের অভিযান বাঘমুন্ডির দুখু মাঝির, চারাগাছ নিয়ে ঘুরে বেড়ান পাহাড়ে পাহাড়ে