দ্য ওয়াল ব্যুরো: 'এটা অন্যায়। এটা পাপ। আমি প্রথম হই, দ্বিতীয় তৃতীয় হই বা ফেল করি, এর সাথে ধর্মের সম্পর্ক টানা যায় না। মেধা মেধাই।' উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাসের মন্তব্য নিয়ে শুক্রবার এই ভাষাতেই বিরক্তি প্রকাশ করলেন পরিবহণ মন্ত্রী ও কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। মহুয়া বৃহস্পতিবার এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের সময় বলেন, প্রথম স্থানাধিকারী মুর্শিদবাদের একটি মুসলিম মেয়ে। তাঁর ওই মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে। নিজের মন্তব্যের জন্য দুঃখপ্রকাশও করেছেন মহুয়া। সরকারের তরফে ফিরহাদ ছাড়া আর কেউ মহুয়ার মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দেননি।
ফিরহাদ এদিন বলেন, কর্পোরেশনের কাজ আমি বুঝি। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাস করেন। অনেকদিন থেকে আমি পুর পরিষেবার কাজ করেছি। তাই আমি মেয়র হয়েছিলাম। এটার মধ্যে যদি কেউ ধর্ম টানে তাহলে ভারতের সংবিধানকে অপমান করা হবে। মেধাতালিকায় কেউ প্রথম হলে সেটা ধর্মের জন্য নয়, সেটা তাঁর মেধায় তিনি ফাস্ট হয়েছেন। আবার সেই একই ধর্মের মানুষ সে মেধায় হয়তো পেরে ওঠেনি, সে হয়তো লাস্ট হয়েছে বা ফেল করেছে। এটাকে কোনওভাবে ধর্মের সঙ্গে মেলানো যায় না। ধর্মের সঙ্গে কোনও কিছুকেই মেলানো যায় না। ধর্ম আমার বিশ্বাস। ধর্ম নিজস্বতা। কিন্তু সমাজ দেশ, এটা আমার অস্তিত্ব। এটার সঙ্গে ওটাকে মিলিয়ে ফেললে হবে না।
ফিরহাদ বলেন, এটাকে আমি কোনও ভাবে সমর্থন করি না। ধর্মের ভিত্তিতে নয়, কর্মের ভিত্তিতে কেউ ফার্স্ট হয়েছে, কেউ লাস্ট হয়েছে।