দ্য ওয়াল ব্যুরো : কলকাতায় আসার সময় জলের ওপরেই আগুন লেগে গেল মালবাহী জাহাজে। তার নাম এম ভি এসএসএল কলকাতা। বুধবার রাতে জাহাজে প্রথম আগুন লক্ষ করেন কর্মীরা। তাঁরা উপকূল রক্ষীদের খবর দেন রাত সাড়ে ১১ টা নাগাদ। জাহাজটি তখন সাগর দ্বীপ থেকে ৫৫ নটিক্যাল দক্ষিণে ছিল।
জাহাজটির দৈর্ঘ্য ১৪৮ মিটার লম্বা। তাতে ৪৬৪ টি মালভর্তি কন্টেনার ছিল। ২১১ মেট্রিক টন জ্বালানি তেলও ছিল। রাতে জাহাজের নীচের দিক থেকে একটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তারপর আগুন লাগে। আট থেকে ১০টি কন্টেনারে আগুন ছড়িয়ে পড়ে।
গতকাল রাতে সমুদ্র ছিল উত্তাল। তার সঙ্গে ছিল জোর হাওয়া। ফলে আগুন ছড়িয়ে যায় দাবানলের মতো। দুর্ঘটনার খবর পেয়ে অন্ধকারে প্রতিকূল আবহাওয়ার মধ্যে রওনা হয় উপকূলরক্ষীদের উদ্ধারকারী জাহাজ। তার নাম রাজকিরণ। একটি ডোর্নিয়ার প্লেনও যায় সঙ্গে। জাহাজে ২২ জন কর্মী ছিলেন। সবাইকেই উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু জাহাজের ৭০ শতাংশই পুড়ে গিয়েছে।
জাহাজ থেকে সমুদ্রে তেল পড়েছে কিনা জানা যাচ্ছে না। কিন্তু জাহাজটি যেহেতু স্যান্ডহেড পেরিয়ে সংকীর্ণ প্রণালীর মধ্যে দিয়ে আসছিল তাই তেল পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশাখাপত্তনম ও চেন্নাই থেকে কয়েকটি জাহাজ ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। সমুদ্রের জলে তেল মিশে দূষণ ছড়াচ্ছে কিনা তারা পরীক্ষা করে দেখবে।