
শেষ আপডেট: 8 October 2023 18:07
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: রবিবার দুপুরে ধূপগুড়ি হাসপাতালে আগুন আতঙ্ক! তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ায় এড়ানো গেল বড়সড় অগ্নিকাণ্ড।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এদিন ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালের বিদ্যুতের মিটার থেকে আগুনের ফুলকি দেখা যায়। মুহূর্তের মধ্যে গোটা হাসপাতাল চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগী থেকে শুরু করে হাসপাতালের নার্স, ডাক্তাররাও আতঙ্কিত হয়ে পড়েন।
এক রোগীর পরিজন মেন সুইচ বন্ধ করে দেন। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন। দমকল কর্মী ও হাসপাতালে উপস্থিত বিদ্যুৎ দফতরের কর্মীরা আগুন নেভাতে তৎপর হন। কিছুক্ষণের মধ্যে আগুনও নিভে যায়। আচমকা এমন পরিস্থিতি তোইরি হওয়ায় ব্যাঘাত ঘটে রোগী পরিষেবায়।
হাসপাতালে ব্লক স্বাস্থ্য আধিকারিক অঙ্কুর চক্রবর্তী বলেন, মিটার থেকে আগুন বেরোচ্ছিল। সকলের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা হয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।