
শেষ আপডেট: 1 December 2022 10:24
দ্য ওয়াল ব্যুরো, নিউটাউন: বৃহস্পতিবার ভরদুপুরে আগুন লাগে নিউটাউনের (Fire At Housing Complex) বলাকা আবাসনে। আবাসনের বি ব্লকের দোতলার একটি ফ্ল্যাটে (flat) আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়তেই তুমুল আতঙ্ক সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।
'সরকারকে সমস্যায় ফেলছে, অকল্পনীয় নির্দেশ দেব!' দুর্নীতি তদন্তে অসহযোগিতা নিয়ে ক্ষিপ্ত বিচারপতি
ওই ফ্ল্যাটের এসি মেশিন থেকে আগুন লাগে বলে অনুমান। পরে গ্যাস সিলিন্ডার ফাটায় আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর কাজ চলাকালীনও বিস্ফোরণ ঘটে। হুড়োহুড়ি পড়ে যায় গোটা আবাসনে।
বাসিন্দারা জানান, দুপুরে বলাকা আবাসনের দোতলার একটি ফ্লাট থেকে ধোঁয়া ও আগুন নজরে আসে। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। ওই ফ্ল্যাটে সেই সময় উপস্থিত ছিলেন ৮৭ বছরের বৃদ্ধা গীতারানি ঘোষ। তাঁকে যিনি দেখাশোনা করেন, তিনি ওই সময় কোনও কাজে বাড়ির বাইরে বেরিয়েছিলেন। আগুনে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দমকলের লোকেরা ওই বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আগুন লাগায় আটকে পড়েছিলেন বলাকা আবাসনের বেশ কয়েকজন আবাসিকও। তাদেরও উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ওই আবাসনে ৩০টি ফ্ল্যাট রয়েছে। আবাসিকরা জানান, রক্ষণাবেক্ষণের খরচ সবাই না দেওয়ায় নিরাপত্তার কোনও পরিকাঠামোই গড়ে তোলা যায়নি। ২০ বছরের পুরনো এই আবাসনে অগ্নি নির্বাপণেরও কোনও ব্যবস্থা নেই। তাতেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। এই আবাসনের আবাসিক তপন বিশ্বাস বলেন, “দোতলার ওই ফ্যাট থেকে আগুন আর ধোঁয়া নজরে আসতে সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয়। না হলে পরিস্থিতি আরও ঘোরাল হতে পারত।”
ঘণ্টাখানেকের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দমকলের আধিকারিকরা।