দ্য ওয়াল ব্যুরো: উত্তরকন্যা অভিযানে হিংসা ছড়ানোর অভিযোগে এফআইআর দায়ের হল বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ও রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে। শিলিগুড়ি কমিশনারেট দুটি থানায় দুই নেতার নামে মোট তিনটি করে এফআইআর করেছে বলে জানা গিয়েছে।
দুটি এফআইআর হয়েছে নিউ জলপাইগুড়ি থানায়, একটি হয়েছে শিলিগুড়িতে। সরকারি সম্পত্তি ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশকে হেনস্থা, সরকারি সম্পত্তি নষ্ট করা, সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে দিলীপ-কৈলাসের বিরুদ্ধে।
সোমবার রণক্ষেত্রের চেহারা নিয়েছিল শিলিগুড়ির ফুলবাড়ি এলাকা। বিজেপি যুব মোর্চার উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। গজলডোবার বাসিন্দা উলেন রায় নামের এক বিজেপি কর্মীর মৃত্যু হয়। তা নিয়েও তীব্র বিতর্ক তৈরি হয়েছে।
বিজেপির দাবি, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে তাদের কর্মীর। পাল্টা তৃণমূলের বক্তব্য, পুলিশ গুলি চালায়নি। ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসে, শট গানের ছররা বুলেট লেগে তাঁর মৃত্যু হয়েছে। যে বন্দুক পুলিশ ব্যবহার করে না।
মঙ্গলবার রানিগঞ্জের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেন, বিজেপি নিজের লোককে মিছিলে ডেকে এনে নিজেরাই মেরেছে। পাল্টা কৈলাস টুইট করে বলেন, মমতার পুলিশ ডাহা মিথ্যে কথা বলছে। কৈলাসের দাবি তাঁর কাছে সাত-আটটি ভিডিও ফুটেজ রয়েছে যেখানে স্পষ্ট উত্তরকন্যা অভিযানে পুলিশ গুলি চালিয়েছে।
উলেন রায়ের মৃতদেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে জলপাইগুড়ি আদালত। তিন চিকিত্সকের উপস্থিতিতে ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করতে হবে। মৃতের দিদি আদালতে অভিযোগ করেন, সত্য লুকোতে মধ্য রাতে ময়নাতদন্ত করা হয়েছিল। সেই শুনানিতে এদিন দ্বিতীয়বার পোস্টমর্টেম হওয়ার কথা।