দুর্গাপুজো নিয়ে ভুয়ো পোস্ট ছড়িয়ে গ্রেফতার মেমারির যুবক।
দ্য ওয়াল ব্যুরো,পূর্ব বর্ধমান: দুর্গাপুজো নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করার অভিযোগে এবার গ্রেপ্তার হল পূর্ব বর্ধমানের মেমারির এক যুবক। ধৃতের নাম সুনীল মণ্ডল। ওই যুবকের বাড়ি মেমারি পৌরসভার ৬নং ওয়ার্ডের কৃষ্ণবাজার মসজ
শেষ আপডেট: 11 September 2020 11:15
দ্য ওয়াল ব্যুরো,পূর্ব বর্ধমান: দুর্গাপুজো নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করার অভিযোগে এবার গ্রেপ্তার হল পূর্ব বর্ধমানের মেমারির এক যুবক। ধৃতের নাম সুনীল মণ্ডল। ওই যুবকের বাড়ি মেমারি পৌরসভার ৬নং ওয়ার্ডের কৃষ্ণবাজার মসজিদতলা এলাকায়।
বৃহস্পতিবার ১০ই সেপ্টেম্বর রাতে মেমারি থানার পুলিশ কৃষ্ণবাজার এলাকা থেকে গ্রেফতার করেন সুনীল মণ্ডলকে। শুক্রবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। দুর্গাপুজো নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট ছড়ানোর দায়ে এই নিয়ে রাজ্যে মোট তিন জনকে গ্রেফতার করা হল।
কয়েকদিন আগে দুর্গাপুজো নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ও বিভ্রান্তিকর একটি পোষ্ট ছড়িয়ে পড়ে। কয়েক মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় খবরটি। ওই পোস্টে দাবি করা হয় দুর্গাপুজোর ক'টা দিন এই রাজ্যে রাতের দিকে কার্ফু জারি থাকবে। এছাড়াও পুজোর অঞ্জলি দেওয়া থেকে শুরু করে বিসর্জন নিয়েও ওই পোস্টে মিথ্যা তথ্য পরিবেশন করা হয়। পোস্টে এও বলা হয় দুর্গাপুজোর বিসর্জনে অন্যান্য বছরের মতো এবছর শোভাযাত্রা করতে দেওয়া হবেনা বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
এই ভুয়ো পোস্টের বিষয়টি জানার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সংশ্লিষ্ট পুলিশ-প্রশাসনকে। তারপর থেকেই নড়েচড়ে বসে রাজ্যের প্রতিটি থানার পুলিশ।তারই মধ্যে মেমারির কৃষ্ণবাজার এলাকার বাসিন্দা এই যুবক আবার একই ভুয়ো পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন।

বিষয়টি নজরে আসতেই বৃহস্পতিবার দুপুরে মেমারির তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সৌরভ সাঁতরা মেমারি থানায় লিখিতভাবে সুনীল মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
সৌরভ সাঁতরা এদিন সংবাদমাধ্যমে জানান, "গত ৭ই সেপ্টেম্বর সুনীল মণ্ডল ফেসবুকে দুর্গাপুজো নিয়ে একই রকম ভুয়ো পোস্ট ছড়ায়। ওই পোস্টে সে সাম্প্রদায়িক উস্কানিমূলক কাথাবার্তাও লেখে। শুধু তাই নয় গত ২৮এ অগস্ট রাতে মুখ্যমন্ত্রীর ছবি ও ‘বাংলার গর্ব মমতা ’ লেখা সরকারি লোগোটিকে বিকৃত করেও পোস্ট দেয় সুনীল। সেই পোস্টে সে মুখ্যমন্ত্রীর ছবিটিকেও বিকৃত করে।" সৌরভবাবু আরও বলেন,ওই ভুয়ো ও আপত্তিকর পোস্টের স্ক্রিনশট নিয়ে তিনি বৃহস্পতিবার ১০ই সেপ্টেম্বর মেমারি থানায় ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ সেই রাতেই অভিযুক্ত সুনীল মণ্ডলকে গ্রেপ্তার করে।