
শেষ আপডেট: 14 October 2022 11:14
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: সিবিআই অফিসার (fake CBI officer) সেজে গত কয়েকমাস ধরেই একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণা চালিয়ে যাচ্ছিল ইছাপুরের এক যুবক। অভিযোগ পেতেই বৃহস্পতিবার তার বাড়ি গিয়ে হাতেনাতে গ্রেফতার (arrest) করল সিবিআই (CBI) অফিসাররাই।
যুবকের নাম সম্রাট রায়। তার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে একাধিক ভুয়ো নথি, নকল আইডি কার্ড, পে স্লিপ, নকল স্ট্যাম্প-সহ প্রচুর নথি। সিবিআই সূত্রে খবর, শুক্রবার তাকে আদালতে তোলা হয়েছে।
গতকাল সিবিআইয়ের ছয়জনের প্রতিনিধি দল বিশেষ অভিযান চালিয়ে ইছাপুরের বাড়ি থেকে গ্রেফতার করে সম্রাটকে। জানা গেছে, পচিমবঙ্গ ও অসমে নিজেকে সিবিআই অফিসার পরিচয় দিয়ে একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণা করেছে সে। পরবর্তীতে অসমে সিবিআই দফতরে এই বিষয়ে অভিযোগ জানান এক ব্যক্তি।
সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে সিবিআই আধিকারিকরা জানতে পারে সেই যুবকের নাম-ঠিকানা। বৃহস্পতিবার আচমকা সেখানে হানা দেয় সিবিআই অফিসাররা। হাতেনাতে পাকড়াও করা হয় সম্রাটকে। সূত্রের খবর, আজ অভিযুক্তকে কোর্টে তোলার পর তাকে ট্রানজিট রিমান্ডে অসমে নিয়ে যাওয়ার আবেদন জানানো হয়।
পিসি-ভাইপোর অবৈধ সম্পর্ক! মালদহে মহিলার চুল কাটলেন আত্মীয়রা