
শেষ আপডেট: 18 February 2023 10:14
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: তিনি জানেনই না তাঁর নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে? ব্যবহার করা হয়েছে তাঁর ছবি, সই! বিষয়টি সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে পূর্ব মেদিনীপুরে। কাঁথির প্রবীণ তৃণমূল (এখনও) সাংসদ শিশির অধিকারীর নামে ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে অভিযোগ। বিষয়টি সামনে আসতেই ব্যাঙ্কের ম্যানেজারকে নোটিস পাঠিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা। চিঠি লিখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতরমনকেও।
এ ব্যাপারে সাংসদ শিশির অধিকারী বলেছেন, ‘আমাকে ফাঁসানোর অভিসন্ধি থাকতে পারে। সবটাই তদন্তের জন্য নির্মলা সীতারমনকে জানিয়েছি।’ শিশিরবাবুর এও দাবি, কে বা কারা এই ধরনের সই জাল করে নকল ডকুমেন্ট ব্যবহার করেছে সবকিছু জানিয়েছেন তিনি। একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক কীভাবে চলছে তাও দেখার জন্য অনুরোধ করেছেন দেশের অর্থমন্ত্রীকে।
কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট?
শিশিরবাবু জানিয়েছেন এটি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের মাছনা শাখায় খোলা হয়েছে। অ্যাকাউন্ট নম্বর ১২০৯০১০০০০ ৫৩০৪৫। ব্রাঞ্চ কোড ১২০৯। কাঁথির সাংসদ মনে করেন, মোটা টাকার লেনদেন করে তাঁকে ফাঁসানোর ষড়যন্ত্র হয়েছে। তিনি এও প্রশ্ন তোলেন, কীভাবে তাকে ছাড়া তাঁর নামে অ্যাকাউন্ট খোলা হল?
এ ব্যাপারে ব্যাঙ্কের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। তা জানা গেলে এই প্রতিবেদনে আপডেট করা হবে।
নওসাদের ফের জেল হেফাজত, ভাঙরের বিধায়ক বললেন, 'এভাবে কণ্ঠরোধ করা যাবে না'