
শেষ আপডেট: 12 July 2023 15:03
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ৮ জুলাই, পঞ্চায়েত ভোটের দিন অশান্তি ছড়িয়েছিল গ্রামে। তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তুলেছিলেন বিজেপি (BJP) প্রার্থী। সেই অভিযোগে ব্যালট বক্স পুকুরে ফেলে দেওয়া হয়। এই নিয়ে সংঘর্ষ বাঁধে তৃণমূল ও বিজেপির মধ্যে। আহত দু’পক্ষেরই বেশ কয়েকজন। মাথা ফাটে তৃণমূল প্রার্থীর দেওরের। এরমধ্যেই খবর আসে যে, ঘটনার পর থেকে নিখোঁজ ওই বিজেপি প্রার্থী এবং তাঁর পরিবারের আরও তিন সদস্য। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ (Hingalganj) ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের স্বরূপকাঠি পূর্বপাড়া ১৫০ নম্বর বুথ এলাকায়। বুধবার, ভোটের ফল প্রকাশের পরদিন গোটা বিষয়টি খতিয়ে দেখতে সেখানে গেলেন পাঁচজনের কেন্দ্রীয় প্রতিনিধি দল (Central fact finding committee)।
জানা গিয়েছে, সেখানকার বিজেপি প্রার্থী মাধবী মণ্ডল-সহ তাঁর স্বামী চিন্ময় মণ্ডল, দেওর মৃন্ময় মণ্ডল ও শ্বশুর নিখোঁজ। এখনও তাঁদের খোঁজখবর পাওয়া যায়নি। এই নিয়ে ইতিমধ্যে বিজেপির রাজ্য নেতৃত্ব নড়েচড়ে বসেছে। বুধবার বিকেলে সেখানে যান বিজেপির কেন্দ্রীয় প্রাক্তন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ-সহ পাঁচজনের একটি প্রতিনিধি দল। নিখোঁজ বিজেপি প্রার্থীর বাড়িতে যান তাঁরা। সরজমিনে খতিয়ে দেখেন গোটা এলাকা। পাশাপাশি বেশ কয়েকটি বাড়ি ভাঙচুরের পূর্ণাঙ্গ রিপোর্টও তৈরি করেন এই প্রতিনিধি দলের সদস্যরা।
এই ঘটনা প্রসঙ্গে বিজেপি প্রার্থীর বৌমা সুপর্ণা মণ্ডল বলেন, আমার পরিবারের চারজন এখনও নিখোঁজ। ভোটের দিন থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। আমি চাই, প্রশাসন আমাদের সম্পূর্ণ নিরাপত্তা দিক যাতে শান্তিপূর্ণভাবে গ্রামে থাকতে পারি। এদিকে ওই কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা জানান, এই পূর্ণাঙ্গ রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রকে লিখিতভাবে দেব যাতে এই পরিবারটা নিরাপত্তা পায়। পাশাপাশি এই ঘটনা যারা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হবে বলে দাবি করেছেন তিনি।
১২ ঘণ্টার মধ্যে কাটোয়ায় সিপিএমের তিন প্রার্থী তৃণমূলে, আদালতে যাওয়ার ভাবনা বামেদের