
শেষ আপডেট: 23 August 2022 11:00
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: বাড়ির ন'জন সদস্যকে ক্লোরোফর্ম জাতীয় কিছু স্প্রে করে ঘুমে আচ্ছন্ন রেখে সর্বস্ব চুরি (loot) হল জলপাইগুড়ির (Jalpaiguri) ধূপগুড়ির একটি বাড়িতে। এই ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এলাকাবাসীরা।
সূত্রের খবর, সোমবার রাতে ধূপগুড়ির দক্ষিণ আলতাগ্রাম ঝুমুরপাড়া এলাকার বাসিন্দা নারায়ণ দাসের পরিবারের ন'জন সদস্য অসুস্থ হয়ে যান। এমনকি সন্ধে গড়াতেই সকলে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। অভিযোগ, সেই সুযোগেই দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে নগদ টাকা-সহ সোনার গয়না নিয়ে চম্পট দেয়। খবর পেয়ে মঙ্গলবার সকালেই ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার সকালে আশেপাশের লোকজন বাড়িতে এসে দেখেন বাড়ির সবাই অচৈতন্য হয়ে রয়েছে এবং সদর দরজা ভাঙা অবস্থায় পড়ে। ঘরে ঢুকে তাঁরা দেখতে পান, আসবাবপত্র-সহ আলমারি একেবারে লণ্ডভণ্ড হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এতেই অনুমান করা হয় যে, রাতভর সেই বাড়িতে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে।
পরে সেই বাড়ির সদস্যদের চিকিৎসার জন্যে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, পরিবারের সকলেই এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ধূপগুড়ি থানার পুলিশ ইতিমধ্যে চুরির কিনারা করতে তদন্তে নেমেছে।
ভালবাসার মাসুল! বসিরহাটে যুবককে বিষ খাইয়ে মারল প্রেমিকার পরিবার