
শেষ আপডেট: 17 May 2023 11:00
দ্য ওয়াল ব্যুরো: ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে গোটা ইউরোপ যখন ভ্লাদিমির পুতিনের উপর খাপ্পা তখন শত চাপেও বিদেশ নীতির পরিবর্তন করেনি ভারত। উল্টে পুতিনের দেশ থেকে অশোধিত জ্বালানি তেল আমদানি করেছে নরেন্দ্র মোদী সরকার। কংগ্রেসের অভিযোগ, তেল আমদানির ওই সিদ্ধান্তের পিছনেও আছে গুজরাতের দুটি কোম্পানিকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা।
দেশে যখন সরকার তেল আমদানি নিয়ে প্রশ্নের মুখে তখন রাশিয়ার জ্বালানি নিয়ে বিদেশ থেকেও বড় ধাক্কা খেল ভারত। ইউরোপীয় ইউনিয়নের (EU) বক্তব্য, রাশিয়া থেকে আনা অশোধিত তেল শোধন করে ভারত তা ইউরোপের বাজারে বিক্রি করছে। এটা বেআইনি। তারা সমস্ত সদস্য দেশকে বলেছে, ভারতের তেল বয়কট করতে (Indian oil)। কূটনৈতিক মহলের মতে, ভারত সাম্প্রতিককালে এত বড় ধাক্কা খায়নি।
ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ব্রিটেনের সংবাদপত্র ‘ফিন্যান্সয়াল টাইমস’কে জানানো হয়, ভারত রাশিয়া থেকে আমদানি করা অশোধিত তেল থেকে গ্যাসোলিন ও ডিজেল তৈরি করে ইউরোপের বাজারে বিক্রি করছে। এটা নিষেধাজ্ঞা লঙ্ঘন।
তবে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর তা মানতে চাননি। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের বিদেশ দফতরের ভারপ্রাপ্ত যোশেফ বোরেলের সঙ্গে বৈঠকের পর ভারতের বিদেশমন্ত্রী বলেন, ‘রাশিয়া থেকে আনা অশোধিত তেল শোধনের পর তা আর রাশিয়ার থাকে না। ভারত মোটেই নিয়ম লঙ্ঘন করেনি।’
দিল্লিতে জ্বালানি মন্ত্রী হরদীপ পুরিও বলেন, ‘ভারত সার্বভৌম দেশ হিসাবে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকারী কোন দেশ থেকে কোন পণ্য আমদানি করা হবে।’ তিনিও বলেন, ‘ভারতে শোধনের পর কোনও তেল আর অন্য দেশের থাকে না। ইউরোপে যে জ্বালানি রপ্তানি করা হয়েছে তা অবশ্যই ভারতীয় পণ্য।’
কূটনৈতিক মহল মনে করছে, এই বিবাদের পিছনে আছে রাশিয়া প্রশ্নে ভারতের অবস্থান। প্রধানমন্ত্রী মোদী বারে বারেই রুশ প্রেসিডেন্ট পুতিনকে যুদ্ধ থামাতে বলেছেন। কিন্তু রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রেখেই পদক্ষেপ করছেন তিনি। উপসাগরীয় দেশগুলিতে অশোধিত তেলের বাড়তি দামের কারণেই ভারত রাশিয়া থেকে আমদানির সিদ্ধান্ত নেয় বলে নয়া দিল্লির দাবি। শুধু সরকারি তেল কোম্পানি নয়, বেসরকারি সংস্থাগুলিকেও ভারত রাশিয়া থেকে অশোধিত তেল আমদানির অনুমতি দিয়েছে দেশের বাজারে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে। ভারত মূলত ইরাক ও সৌদি আরব থেকে অশোধিত তেল আমদানি করত।
মোদী-শাহের মুখ রক্ষা করতে গিয়ে বাংলার দিলীপের দশা হতে চলেছে কর্নাটক বিজেপির সভাপতির