
শেষ আপডেট: 18 February 2024 15:11
দ্য ওয়াল ব্যুরো: প্রায় দেড় দশক আগে মেদিনীপুর শহর ঘেঁষা ইকো পার্ক এলাকায় একটি ফুচকার দোকানির বাড়িতে হানা দিয়ে ফুচকা খেয়েছিল দলমার হাতির দল।
জঙ্গলে খাবারে টান পড়ায় হাতি খাদ্যভ্যাস বদলাচ্ছে কি না, তা নিয়ে সেই সময় হইচইও হয়েছিল। কারণ, গ্রামে হানা দিয়ে ধান, ডাল, আলু-সহ অন্যান্য সবজি, আঁখ ইত্যাদি খেতে দেখা যায় হাতিকে। সেখানে ফুচকা!
এবার গামলা ভর্তি মিষ্টিও খেতে দেখা গেল হাতিকে। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যান এলাকায়।
ঘটনাটি ঘটেছে জলদাপাড়া জাতীয় উদ্যান এলাকার মাদারিহাট স্কুল চৌপথি এলাকায়। সেখানে মিষ্টির দোকান রয়েছে রাজেশ বণিকের। তিনি বলেন, "রাতের বেলা দোকানে মিষ্টি তৈরি করে রেখে বাড়ি গিয়েছিলাম। সকালে দোকান খুলতে এসে দেখি দরজা ভাঙা। ভিতরে রসগোল্লা, পান্তুয়ার গামলা খালি! বেশ কিছু মিষ্টি মাটিতে গড়াগড়ি খাচ্ছে।"
এরপরই দোকানের সিসিটিভি তে চোখ রেখে চোখ ছানাবড়া হওয়ার জোগাড় দোকানির! বলছিলেন, " সিসিটিভি দেখে প্রথমে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। গামলা থেকে মিষ্টি খাচ্ছে হাতি!"
উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় হাতি 'মহাকাল' নামে পরিচিত। রসিকতার সুরে বাসিন্দারা বলছেন, মহাকালের বিরুদ্ধে শেষে কি না মিষ্টি চুরির অভিযোগ!