
শেষ আপডেট: 16 August 2023 07:37
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: হাতির হানা থেকে বাঁচতে রীতিমতো মন্দির তৈরি করে হাতি পুজো (Elephant Puja) করছেন গ্রামের বাসিন্দারা। ডুয়ার্সের (Dooars) গ্রামে হাতিপুজো নতুন নয়। গত ৩০ বছর ধরে এভাবেই হাতির পুজো করে আসছেন গয়েরকাটার হিন্দুপাড়ার বাসিন্দারা। তবে এতদিন কোনওরকমে খুঁটি ও টিনের তৈরি মন্দিরে হাতির পুজো করা হত। এবারই প্রথম চাঁদা তুলে পাকা ঘর তৈরি করা হল সেখানে। সোমবার সেই মন্দিরে হল মহাসমারোহে হাতির পুজো।
রীতিমতো মূর্তি গড়িয়ে, পুরোহিত এনে, ঢাক বাজিয়ে হয় চলল পুজো। সংসারের কাজ সেরে সেই পুজোয় অংশ নেন গ্রামের মহিলারা। পুজো শেষে খিচুড়ি প্রসাদ খাওয়া হয়।
হিন্দুপাড়া গ্রামের অধিকাংশ বাসিন্দাই দারিদ্র সীমার নীচে বসবাস করেন। স্থানীয়দের দাবি, লাগাতার হাতির হানায় এক সময় প্রাণ ওষ্ঠাগত ছিল তাঁদের। পাশেই গয়েরকাটা চা বাগান ও মোরাঘাট বনাঞ্চল। সেখান থেকে বেরিয়ে এসে লোকালয়ে হামলা চালাত হাতির পাল। স্থানীয় বাসিন্দা হরিপ্রসাদ গোয়ালা, সুব্রত রায়রা বলেন, “ছোটবেলা থেকে এই পুজো হতে দেখেছি। আগে আমাদের বাবা কাকারা এই পুজোর আয়োজন করতেন। বিভিন্ন ঘটনায় এলাকার দশজনকে পিষে মেরেছিল হাতি। এরপর থেকেই গ্রামবাসীরা এক হয়ে হাতি পুজো শুরু করে। হাতি দেবতা আমাদের ওপর কৃপা বজায় রাখুক এই বিশ্বাসেই আমরা হাতি দেবতাকে পুজো করি।”
গ্রামের গৃহবধূ মেনকা রায় বলেন, “আমরা সবাই মিলে দেবতার জন্য মন্দির বানিয়েছি। হাতি দেবতা সন্তুষ্ট থাকলেই সারা বছর আমরা শান্তিতে থাকতে পারব।”
আরও পড়ুন: দুই স্বাধীনতা সংগ্রামীর ভিটের মাটি নিল সেনা, দেখুন ভিডিও