
শেষ আপডেট: 3 August 2023 11:59
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: টিনের টুকরো মাথায় তুলে নিয়ে বাড়ি ফিরছিল। রাস্তার ঝুলন্ত তারে টিনের একাংশ ঠেকে যাওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট (Electrocuted) হয়ে মৃত্যু হল হাওড়ার এক কিশোরের। ১৫ বছরের কিশোরের এমন মর্মান্তিক পরিণতিতে শোরগোল পড়ে গেছে শিবপুর (Shibpur)।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই কিশোরের নাম রাজকুমার রাম। সে হাওড়ার শিবপুরের কয়লা ডিপো এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার রাজকুমার বাড়ি থেকে কিছুটা দূরে গঙ্গায় স্নান করতে গিয়েছিল। স্নান করে বাড়ি ফেরার সময় একটি খাটালের সামনে বড় টিনের টুকরো পড়ে থাকতে দেখে সে। সেই টুকরো তুলে মাথায় নিয়ে বাড়ি ফিরছিল সে।
খবর দেওয়া হয় শিবপুর থানায়। ঘটনাস্থলে পুলিশ এসে পরে ওই কিশোরকে মারাত্মক জখম অবস্থায় হাওড়া হাসপাতালে পাঠায়। কিন্তু শেষরক্ষা হয়নি। কিছুক্ষণের মধ্যে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
কয়েকদিনের বৃষ্টিতে গ্রাম ও শহরাঞ্চলে রাস্তার ধারের বিদ্যুতের তারগুলি বিপজ্জনকভাবে ঝুলে পড়েছে। তাতে দুর্ঘটনার সম্ভবনা বাড়ছে। বিভিন্ন দুর্ঘটনার কারণে প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে। উত্তর ২৪ পরগনার বাগদায় বুধবার এমনই একটি ঘটনা ঘটে। বাগানের ঝুলে থাকা তারে হাত জড়িয়ে গিয়ে এক ৬২ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়। বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তাঁর ছোট ছেলেও।
আরও পড়ুন: চুলের মুঠি ধরে কিশোরীকে গাড়িতে তুলছে পুলিশ! বাঁকুড়ার ভিডিও ভাইরাল হতেই শোরগোল