
শেষ আপডেট: 15 August 2023 12:49
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: স্বাধীনতা দিবসে মর্মান্তিক পরিণতি। তিন বছরের ভাইঝি ও মাকে বাঁচাতে গিয়ে তড়িদাহত (Electrocuted) হয়ে মৃত্যু হল এক যুবকের। শিশু ও তার ঠাকুমাকে আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি (Jalpaiguri) মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত যুবকের নাম সুপ্রিয় মণ্ডল (২৬)। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের মাগুরমারির ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ পাড়া এলাকায়।
এই ঘটনায় হইচই পড়ে যায় এলাকায়। তিনজনকেই আশঙ্কাজনক অবস্থায় ধূপগুড়ি হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। কিন্তু সেখানে ওই যুবকের মৃত্যু হয়। এদিকে যুবকের ভাইঝি ও মা-র অবস্থার অবনতি ঘটায় তাঁদের জলপাইগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়।
মৃতের বাবা জানিয়েছেন, 'বাড়ির পাশেই ডোবা রয়েছে। সেখানেই কাজ করছিলেন তাঁর স্ত্রী ও তিনবছরের নাতনি। ওই সময় তার ছিঁড়ে পড়ে। ছোটো ছেলে তাদের দুজনকে উদ্ধার করতে ছুটে গেছিল। তাদের উদ্ধার করতে পারলেও সেখানেই সে বিদ্যুতের শক খায়। তাতেই ছেলের মৃত্যু হয়েছে।'
খবর পেয়ে ঘটনাস্থলে যান ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন: স্বাধীনতা দিবসে রণক্ষেত্র বাঁশবেড়িয়া! গুজব রটিয়ে পরিবেশ অশান্ত করার চেষ্টা