দ্য ওয়াল ব্যুরো: গণনা কেন্দ্রে পৌঁছতে শুরু করেছেন কাউন্টিং এজেন্ট থেকে সরকারি গণনাকর্মীরা। কড়া নিরাপত্তার বেষ্টনিতে মুড়ে ফেলা হয়েছে দেশের সবকটি গণনাকেন্দ্র। এর মধ্যেই নয়াদিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপি-র সদর দফতর এবং আকবর রোডে কংগ্রেস সদর দফতরের সামনে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হল যজ্ঞ।
বুথ ফেরত সমীক্ষা প্রকাশিত হওয়ার পর থেকেই বিজেপি সদর দফতরে ম্যারাপ বাঁধা শুরু হয়ে গিয়েছিল। মিষ্টি থেকে আতসবাজি, সব প্রস্তুতি সারা গেরুয়া শিবিরের। এনডিএ-এর বৈঠকেও শরিকদের একপ্রকার নিশ্চয়তা দিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী অমিত শাহ। যে সরকার হচ্ছেই। কিন্তু বুথ ফেরত সমীক্ষা যাই বলুক, আসল তো ফলাফলই। তাই ভাল ফলের কামনায় দলের সদর কার্যালয়ের সামনে শুরু হল রাজসূয় যজ্ঞ।
পিছিয়ে নেই কংগ্রেসও। বুধবারও বুথ ফেরত সমীক্ষাকে ‘ভুয়ো’ বলে উড়িয়ে দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কর্মীদের অভয় দিয়ে বলেছেন, “ভয় পাবেন না।’ কংগ্রেস কর্মীরাও দলের সদর দফতরের সামনে যজ্ঞ শুরু করেছেন। তাঁদের আশা, মোদী সরকার আর হচ্ছে না।
আর কয়েক ঘণ্টা। তারপরই পরিষ্কার হয়ে যাবে সবটা।