
শেষ আপডেট: 15 February 2023 14:33
দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election 2023) নিয়ে এখনই কোনও ধরনের বিজ্ঞপ্তি জারি করতে পারবে না কমিশন (Election Commission)। বিজ্ঞপ্তি জারির প্রক্রিয়ায় ফের স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আগেই এই সংক্রান্ত মামলার শুনানিতে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, হাইকোর্টের অনুমতি ছাড়া নির্বাচন কমিশন পঞ্চায়েত ভোট নিয়ে কোনও বিজ্ঞপ্তি দিতে পারবে না।
প্রসঙ্গত, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বলয়ে পঞ্চায়েত ভোট চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ছিল সেই মামলার শুনানিই। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারির ওপর স্থগিতাদেশ বহাল রাখল। আগামী ২৭ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেইদিন পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ বা কোনও বিষয় নিয়ে কোনও ঘোষণা করতে পারবে না কমিশন।
শুভেন্দু আদালতে মামলা করে দাবি করেছিলেন, ২০১৩ সালে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে কোনও অশান্তির খবর আসেনি। কিন্তু ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী ছিল না। এই নির্বাচনে অশান্তি হয়েছিল। আসন্ন নির্বাচনে যাতে তেমন কোনও ঘটনা না ঘটে তাই কেন্দ্রীয় বাহিনীর দাবি জানান শুভেন্দু।
শুভেন্দুর আরও অভিযোগ ছিল, তপশিলি জাতি ও উপজাতি এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত মানুষের গণনার যে বিজ্ঞপ্তি রাজ্য নির্বাচন কমিশন দিয়েছে, তাতে ত্রুটি রয়েছে। এই নিয়ে হাইকোর্ট কমিশনের থেকে হলফনামা চেয়েছিল। বুধবার কমিশন আদালতে সেই হলফনামা জমা দেয়।
নওসাদ নতুন করে পুলিশ হেফাজতে, এবার নিউ মার্কেট থানার আবেদনে সায় আদালতের