
শেষ আপডেট: 4 September 2023 06:13
দ্য ওয়াল ব্যুরো: মাস খানেক আগে খাস কলকাতার আনন্দপুরে শিশুপাচার চক্রের (child trafficking) খোঁজ মিলেছিল। আইভিএফ সেন্টারের আড়ালে দিনের পর দিন সক্রিয় ছিল পাচারচক্র। লক্ষ লক্ষ টাকায় বিক্রি করা হচ্ছিল নবজাতকদের। সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল পূর্ব মেদিনীপুরের এক মহিলাকে। এবার সেই পূর্ব মেদিনীপুরেরই এগরাতে ফের হদিশ মিলল শিশু পাচার চক্রের (Egra nursing home)।
এই ঘটনায় ইতিমধ্যেই এগরার একটি বেসরকারি হাসপাতালের মালিক ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ (Egra child trafficking)। জানা গেছে, গত সোমবার মর্জিনা বিবি নামে এক মহিলা মাত্র ৪ দিন বয়সি একটি শিশুকে টিকাকরণের জন্য দিঘা হাসপাতালে নিয়ে যান। তাঁর সঙ্গে ছিলেন আরও ২ মহিলা। এরপর যখন হাসপাতালের তরফে শিশুটির জন্মের শংসাপত্র দেখতে চাওয়া হয়, তখনই বিপত্তি বাঁধে। জানা যায়, মর্জিনা বিবি সন্তানের বার্থ সার্টিফিকেট তো দেখাতে পারেননি বটেই, সেই সঙ্গে এ বিষয়ে প্রশ্ন করা হলে বিভিন্ন অসংলগ্ন কথা বলতে থাকেন তিনি।
ঘটনায় ইতিমধ্যেই নার্সিংহোমের মালিক সঞ্জয় গোল ও তাঁর স্ত্রী সুপ্রিয়া সহ আরও ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্তরা জেরার মুখে শিশুটিকে বিক্রির কথা স্বীকার করেছে। তাদের সঙ্গে আর কেউ এই ঘটনায় জড়িত ছিল কিনা, আর কোনও শিশুকে পাচার করা হয়েছে কিনা, কতদিন ধরে এই চক্র সক্রিয় রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
যাদবপুরে হুমকি চিঠি পাঠানো সেই রানা রায় গ্রেফতার, অধ্যাপকের নামে অভিযোগ ভূরি ভূরি