
শেষ আপডেট: 20 May 2023 10:41
দ্য ওয়াল ব্যুরো: এগরার বিস্ফোরণে জখম আরও একজনের মৃত্যু (Egra blast victim died) হল কলকাতার এসএসকেএম হাসপাতালে (SSKM)। মৃতের নাম পিঙ্কি মাইতি। ৮০ শতাংশ দগ্ধ অবস্থায় এগরার হাসপাতাল থেকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছিল তাঁকে।
মৃতদের মধ্যে রয়েছেন কারখানার মালিক ভানু বাগও। মঙ্গলবার দুপুর একটা নাগাদ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে এগরার খাদিকুল গ্রাম। বিকট শব্দে গোটা গ্রামজুড়ে আতঙ্ক ছড়ায়। পরে জানা যায়, বিস্ফোরণ ঘটেছে ভানু বাগের বাজি কারখানায়। বিস্ফোরণের পরে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল চারজনের। গুরুতর জখম অবস্থায় বাকিদের পাঠানো হয়েছিল হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় দুজনকে কলকাতার এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছিল। বিস্ফোরণের পরেই ঘটনাস্থল থেকে বেপাত্তা হয়ে যায় কারখানাটির মালিক ভানু বাগ। পরে ওড়িশার কটকে একটি হাসপাতালে খোঁজ মেলে তার।
কটকের এই হাসপাতালে বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত, বাজি কারখানার মালিক ভানু বাগের। তার ছেলে পৃথ্বীজিৎ বাগ ও ভাইপোকে গ্রেফতার করে এগরায় নিয়ে আসে সিআইডি। শুক্রবারই তাদের কাঁথি আদলতে পেশ করা হলে দশদিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

অভিযোগ, গত ৩০ বছর ধরে বেআইনি বাজির ব্যবসা চালিয়ে যাচ্ছিল ভানু। তিন দশক ধরে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছিল ভানুর তৈরি রংমশাল, তুবড়ি, ছুঁচোবাজি, রকেট, হাউই, গাছবোমা। ফলে ব্যবসাও ফুলেফেঁপে ওঠে। তার কারখানায় বিস্ফোরণও এই প্রথম নয়। ১৯৯৫ সালে ভানু বাগের বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছিল পাঁচজনের। পরবর্তীতে ফের বিস্ফোরণ হলে মারা যান ভানুর ভাই-সহ তিনজন। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই শাসকদলের সঙ্গে ভানুর যোগাযোগ বাড়ে। পরে গ্রামপঞ্চায়েতের সদস্যও নির্বাচিত হয়েছিলেন ভানু।
মমতা এগরা যাবেন আবহাওয়া ঠিক হলেই, জানালেন নবজোয়ারের ভার্চুয়াল বক্তৃতায়