
শেষ আপডেট: 18 May 2023 08:39
দ্য ওয়াল ব্যুরো: এগরা বিস্ফোরণ কাণ্ডে এনআইএ তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে। আদালতের নির্দেশ, এই মামলায় এনআইএ-কে পক্ষ করতে হবে (Egra blast case HC ordered to include NIA in this Case)।
এদিন শুভেন্দুর আইনজীবীরা আদালতে প্রশ্ন তোলেন, কেন পুলিশ বিস্ফোরণের ধারা রুজু করেনি? তাহলে কি ফাঁক রাখতেই এই মামলা সাজানো হয়েছে? পাল্টা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, সিআইডি ইতিমধ্যেই তদন্তের কাজ শুরু করেছে।
এদিন শুভেন্দুর তরফে এও আর্জি জানানো হয় যে, এগরার খাদিকুল গ্রামে স্থানীয়দের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ অবশ্য তাতে সায় দেয়নি। তারা বলেছে, ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে হবে।
আগামী ১১ জুন এই মামলার পরবর্তী শুনানি হবে। সেদিন সিআইডিকে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এনআইএ -কেও এই মামলায় পক্ষ করতে হবে।
এগরায় বেআইনি বাজি কারখানা বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়েছে। পলাতক মালিক ভানু বাগেরও খোঁজ মিলেছে। জখম ভানুর চিকিৎসা চলছে ওড়িশার হাসপাতালে।
অভিষেক, কুন্তলকে কেন ৫০ লক্ষ টাকা জরিমানা, বিচারপতি গঙ্গোপাধ্যায় কী বলেছিলেন