দেবাঞ্জনকে হেফাজতে চায় ইডি, আজই মামলা রুজুর সম্ভাবনা
দ্য ওয়াল ব্যুরো: ভুয়ো ভ্যাকসিন কাণ্ড প্রকাশ্যে আসার পরেই দ্য ওয়াল-এ লেখা হয়েছিল কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি এই মামলায় ঢুকে পড়তে পারে। সম্ভবত তাই হতে চলেছে। সূত্রের খবর, দিল্লি থেকে সবুজ সঙ্কেত মেলার পর আজই মামলা দায়ের
শেষ আপডেট: 9 July 2021 05:39
দ্য ওয়াল ব্যুরো: ভুয়ো ভ্যাকসিন কাণ্ড প্রকাশ্যে আসার পরেই
দ্য ওয়াল-এ লেখা হয়েছিল কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি এই মামলায় ঢুকে পড়তে পারে। সম্ভবত তাই হতে চলেছে। সূত্রের খবর, দিল্লি থেকে সবুজ সঙ্কেত মেলার পর আজই মামলা দায়ের করতে পারে ইডি।
ইসিআইআর রুজু করে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের নায়ক দেবাঞ্জন দেবকে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে ইডি। ইসিআইআর হল এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট। আর্থিক বেনিয় নিয়ে মামলায় আগে ইসিআইআর রুজু করেই মামলা করতে হয়।
শুধু জাল ভ্যাকসিন নয়। সূত্রের খবর, কলকাতায় রেমডেসিভির ও অক্সিজেন সিলিন্ডার নিয়ে কালোবাজারির ক্ষেত্রেও আজই ইসিআইআর রুজু করতে চলেছে ইডি।
ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে বিপুল আর্থিক তছরুপ হয়ে থাকতে পারে বলে মনে করছে ইডি। সেই কারণেই তদন্ত শুরু করছে তারা। প্রসঙ্গত, কোনও রাজ্যের ক্ষেত্রে কোনও মামলার তদন্ত সিবিআই করবে কি না, তা সেই রাজ্য ঠিক করে। অথবা আদালতের নির্দেশে তদন্তভার নেয় কেন্দ্রীয় এজেন্সি। কিন্তু ইডি-র ক্ষেত্রে সেই বাধা নেই। আর্থিক যে কোনও মামলায় স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত করতে পারে তারা।
এমনিতেই সারদা, নারদ, কয়লা পাচার, গরু পাচার-সহ রাজ্যের একাধিক মামলায় ইডি তদন্ত করছে। এবার সেই তালিকায় সংযোজন হতে চলেছে ভুয়ো ভ্যাকসিন ও কলকাতা মেডিক্যাল কলেজ থেকে বিপুল পরিমাণ রেমডেসিভির চুরির মামলা।