
শেষ আপডেট: 22 July 2022 04:43
দ্য ওয়াল ব্যুরো: স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির তদন্তে শুক্রবার সকালে রাজ্যের দুই মন্ত্রীর বাড়িতে হানা দিল কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়ি এবং শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর (Paresh Adhikari) মেখলিগঞ্জের বাড়িতে পৌঁছেছে ইডির টিম।
জানা যাচ্ছে, পার্থ ও পরেশের পাশাপাশি এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহার বাড়িতেও পৌঁছে গিয়েছে ইডির একটি দল। সব মিলিয়ে এই নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে সাতসকালে।
এসএসসি দুর্নীতিতে আদালতের নির্দেশে তদন্ত করছে সিবিআই। ঘটনা হল, এই মামলায় সিবিআই দফতরে পার্থ, পরেশ, শান্তিপ্রসাদ তিনজনই এক এবং একধিকবার নিজাম প্যালেসে হাজিরা দিয়েছেন। এবার তাঁদের বাড়িতে পৌঁছে গেল আর এক তদন্ত এজেন্সি ইডি।
এসএসসি নিয়োগে বিপুল টাকার আর্থিক অনিয়ম হয়েছে বলে দাবি অনেকের। সেই সূত্রেই এই মামলায় তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
এদিন রাজ্যের মোট তেরোটি জায়গায় এসএসসি দুর্নীতি সংক্রান্ত তদন্তে অভিযান চালাচ্ছে ইডি। সকাল দশটার সময়েও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে রয়েছেন ইডি আধিকারিকরা। পার্থর বাড়ির বাইরের সামনে ও পিছনে মোতায়েন রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সেইসঙ্গে নেতাজি নগর থানার পুলিশও পৌঁছেছে।
শন্তিপ্রসাদ সিনহার সার্ভে পার্কের বাড়িতেও কেন্দ্রীয় বাহিনী নিয়েই হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সিটি।
শুক্রবার সকাল আটটা নাগাদ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছয় ইডি-র টিম। জানা যাচ্ছে, সেই সময়ে পার্থবাবু ঘুমাচ্ছিলেন। বাড়ির পরিচারক পার্থবাবুকে ঘুম থেকে তুলে জানান, ইডি এসেছে। এসএসসি-র উপদেষ্টা কমিটির প্রায় সব সদস্যের বাড়িতে এদিন ইডি আধিকারিকরা পৌঁছেছেন।