
শেষ আপডেট: 24 July 2018 12:12
দ্য ওয়াল ব্যুরো: বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির গয়নার ছ’টি শোরুমে হানা দিল ইডি আধিকারিকরা। প্রায় ৪০ জনের একটি দল ছ’ভাগে ভাগ হয়ে বাগুইআটি, হাওড়া, লেকমার্কেট, ঠাকুরপুকুর সহ ছ’টি শোরুমে তল্লাশি চালায় মঙ্গলবার দুপুরে।
কয়েকমাস আগেই রোজভ্যালির গয়নার বিপণীতে হানা দিয়ে প্রচুর হীরে এবং সোনার গয়না বাজেয়াপ্ত করেছিল ইডি। সিল করে দেওয়া হয়েছিল শোরুম। আজ আবার সেই জায়গাগুলিতে যান তাঁরা। ইডি সূত্রে জানা গিয়েছে এখনও প্রচুর পরিমাণে গয়না এবং নথি রয়েছে ওই শোরুমগুলিতে।
প্রসঙ্গত একুশে জুলাইয়ের সমাবেশ থেকেই শাসক দল বলেছিল যত ভোট এগিয়ে আসবে তত রাজনৈতিক স্বার্থে সিবিআই এবং ইডি’কে ব্যবহার করবে বিজেপি। এ দিন রোজভ্যালির গয়নার বিপণীতে ইডি হানাকে তার শুরু হিসেবেই মনে করছে শাসক দলের একটা বড় অংশ।
অন্য দিকে, আসানসোলে বিজেপি-র সাংগঠনিক সভা শেষে সাংবাদিক সম্মেলনে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শাসক দলের এই অভিযোগ সম্পর্কে বলেন, ‘সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্ত চলছে। এখানে বিজেপি’র কোনও ব্যাপার নেই। তাই যদি হতো তা হলে এত দিনে শাসক দলের সব নেতা কটকে থাকতেন আর মহানদীর ঢেউ গুনতেন।’