
শেষ আপডেট: 19 March 2023 07:08
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত হুগলির শান্তনু বন্দ্যোপাধ্যায়ের (Shantanu Banerjee) ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিই রয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির রাডারে। শনিবার দিনভর হুগলি, সল্টলেক সহ একাধিক এলাকায় হানা দেন ইডি আধিকারিকরা। তারমধ্যেই ছিলেন অয়ন শীল। তিনি শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটার বলে পরিচিত। রাতভর তাঁর সল্টলেকের বাড়িতে ইডি তল্লাশি চালায়। সূত্রের খবর, বেশকিছু নথি হাতে পেয়েছেন গোয়েন্দারা।
শনিবার বেলা তিনটের কিছু পরে সল্টলেক এফডি ব্লকের একটি বহুতলে হানা দেয় ইডি আধিকারিকরা। সেখানেই ছিল অয়নের অফিস। রাতভর সেখানেই তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকরা। জানা যাচ্ছে নিয়োগ সংক্রান্ত বেশি কিছু নথি তাঁরা হাতে পেয়েছেন। শুধু তাই নয়, এই অফিস থেকে বেশকিছু আর্থিক লেনদেন সংক্রান্ত নথিও উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে খবর।
অয়ন হুগলির বাসিন্দা। সেখানেই প্রোমোটারের কাজ করেন। সঙ্গে ছিল একটি রেকর্ডিং স্টুডিও। জানা গেছে, এই স্টুডিওতে অনেক গানের রেকর্ড হয়েছে। অনেকে মনে করছেন অয়নের সঙ্গে টলিউডের অনেক অভিনেতা অভিনেত্রীর যোগাযোগ রয়েছে। সেই সূত্র ধরেই আর্থিক লেনদেন হয়েছে। এই নিয়োগ দুর্নীতির সঙ্গে যে টলিউডের যোগ রয়েছে তা আদালতে জানিয়েছিল ইডি।
ইডির বক্তব্য, শান্তনুর দু'টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সাড়ে ৬ কোটি টাকার লেনদেন হয়েছে। তারমধ্যে টলি পাড়ার বেশ কয়েকজন রয়েছেন। তবে তাঁরা কারা সে ব্যাপারে এখনও গোয়েন্দারা কিছু খোলসা করেননি। এখন মনে করা হচ্ছে অয়নের মাধ্যমেই এই লেনদেন করা হত।
শনিবার বলাগড়ে শান্তনুর রিসর্টে হানা দিয়েছিল ইডির একটি দল। এছাড়াও শান্তনুর ফ্ল্যাটে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। জানা গেছে, জগুদাস পাড়ায় অয়নের তৈরি একটি আবাসনে ফ্ল্যাট ছিল শান্তনুর। সেই সূত্র ধরেই অয়নের বাড়ি ও অফিসে যায় ইডি আধিকারিকরা। অয়ন ও তাঁর বাবা-মাকে জেরা করেন তাঁরা।