
শেষ আপডেট: 20 March 2023 11:56
দ্য ওয়াল ব্যুরো: ৩৭ ঘণ্টা তল্লাশি চালিয়ে নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলকে (Ayan Shil) গ্রেফতার করেছে ইডি। তারপর শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এই প্রোমোটারকে আদালতে পেশ করে বিস্ফোরক দাবি করল কেন্দ্রীয় তদন্ত এজেন্সি।
এদিন আদালতে ইডি বলেছে, এটা শুধু এসএসসি বা টেটে নিয়োগের দুর্নীতির বিষয় নয়। এই দুর্নীতি রাজ্য সরকারের সব দফতরে নিয়োগে হয়েছে। এ ব্যাপারে একটি পরিসংখ্যান খোলা আদালতেই বলে ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, রাজ্যের ৬০টি পুরসভায় অন্তত পাঁচ হাজার বেআইনি নিয়োগ হয়েছে। যার জন্য ৫০ কোটি টাকা তুলেছিলেন এই অয়ন শীল।
ইডি এও বলেছে, সবটা এখানে বলা যাচ্ছে না। কেস ডায়েরিতে সবটা রয়েছে। বিচারকের উদ্দেশে ইডি-র আইনজীবী বলেন, সবটা দেখলে আপনি শিউরে উঠবেন।
এদিন কেন্দ্রীয় এজেন্সির মুখে কৃষ্ণনামও শোনা গিয়েছে। আদালত কক্ষে ইডি বলে, মহাভারতে যেমন অর্জুনকে পথ দেখিয়েছিলেন ভগবান কৃষ্ণ তেমন এখানেও শ্রীকৃষ্ণ ছাড়া কেউ পথ দেখাতে পারবেন না। অনেকের মতে, ইডি বোঝাতে চেয়েছে, এই দুর্নীতির শিকড় অনেক অনেক অনেক গভীরে প্রোথিত রয়েছে।
এর আগে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের মোবাইল ফোনকে সোনার খনি বলেছিল ইডি। এদিন সেই প্রসঙ্গ টেনেই কেন্দ্রীয় এজেন্সি বলে, সেই ফোন থেকেই শান্তনু ও অয়নের চ্যাটের সন্ধান পান গোয়েন্দারা। কিন্তু কেন্দ্রীয় এজেন্সির তরফে এও জানানো হয়, সেই খনি থেকে দুর্নীতি যোগের মাত্র ১০ শতাংশ খুঁজে পাওয়া গিয়েছে। ৯০ শতাংশ এখনও বাকি।
অয়ন শীলকে আদালতে পেশ করে যে রিমান্ড জমা দিয়েছে ইডি তাতে লেখা হয়েছে, সরকারি উচ্চপদস্থ আধিকারিক ও একাধিক প্রভাবশালীর সঙ্গে যোগসাজশ রেখেই বিপুল পরিমাণ ভুয়ো নিয়োগ হয়েছে এবং কোটি কোটি টাকা তোলা হয়েছে।
কেন্দ্রীয় এজেন্সির আরও দাবি, এখনও পর্যন্ত যা তথ্য তারা অয়নের অফিস ও বাড়ি থেকে পেয়েছে তার ভিত্তিতে এই দাবি করা হচ্ছে। কিন্তু এর বাইরেও বিপুল দুর্নীতি হয়েছে বলে মনে করছেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। অয়নকে ১৪ দিনের হেফাজতে চেয়েছে ইডি। এখন দেখার কী নির্দেশ দেয় আদালত।
অমর্ত্য সেনের নামে ঠিক কতটা জমি শান্তিনিকেতনে, তথ্য প্রকাশ করল ভূমি সংস্কার দফতর