
শেষ আপডেট: 12 September 2023 16:37
দ্য ওয়াল ব্যুরো: কৌশিকী অমাবস্যাকে ঘিরে ফি-বছরই তারাপীঠের মন্দিরে বিপুল ভক্তের সমাগম ঘটে। সেদিকে লক্ষা রেখেই এবার কৌশিকী অমাবস্যায় হাওড়া থেকে তারাপীঠে বিশেষ ট্রেন চালানোর উদ্যোগ নিল পূর্ব রেল (Eastern Railway will run special trains on Kaushik Amavasya)।
রেলের তরফে জানানো হয়েছে, ১৪ সেপ্টেম্বর থেকে টানা তিনদিন হাওড়া থেকে রামপুরহাটে বিশেষ ট্রেন চালানো হবে। এই মেল এক্সপ্রেস ট্রেনটি শেওড়াফুলি, ব্যান্ডেল, গুসকরা, বর্ধমান, বোলপুর ও সাঁইথিয়ায় স্টপেজ দেবে। ভিড়ের কথা মাথায় রেখেই এই বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে বলে রেলের তরফে জানানো হয়েছে।
রেল সূত্রের খবর, ১৪ সেপ্টেম্বর থেকে টানা ৩দিন ভোর ৫টা ৫০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে বিশেষ এই ট্রেন। রামপুরহাটে পৌঁছবে সকাল ৯টা ৫০ মিনিটে। রামপুরহাট থেকে সকাল ১১টা ০৫ মিনিটে ছাড়বে। বিকেল ৩টে ৫ মিনিটে হাওড়ায় পৌঁছবে।
প্রতিবছরই কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ যাত্রী তারাপীঠে যান। কিন্তু এতদিন বিশেষ কোনও ট্রেনের ব্যবস্থা ছিল না। তাছাড়া শেওড়াফুলি, ব্যান্ডেল, গুসকরা, সাঁইথিয়ার মতো স্টেশনগুলিতে সব ট্রেন দাঁড়ায়ও না। ফলে সমস্যায় পড়তেন মানুষজন। মানুষের সেই দুর্ভোগের কথা চিন্তা করেই এমন উদ্যোগ বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।
পুরাণ মতে, মহাপরাক্রমশালী অসুর নিকুম্ভকে হত্যা করতে দেবীর শরীরকোষ থেকে আরও এক দেবী সৃষ্টি হয়। শুরু হয় আদ্যাশক্তি ভগবতীর স্তব। সেই থেকে নাম হয় কৌশিকী। এরপরই দেবী কৃষ্ণবর্ণ ধারণ করেন। তারপর থেকেই দেবী কালিকা বা কালী রূপে মর্ত্যে পূজিত হয়ে থাকেন। কথিত আছে, এই তিথিতেই সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাখ্যাপা। প্রতি বছরের মতো এবারও কৌশিকী অমাবস্যাকে ঘিরে সাজো সাজো রব তারাপীঠে। এমন সময় পূর্ব রেল বিশেষ ট্রেনের ঘোষণা করায় ভক্ত মহলে খুশীর আবহ।
আরও পড়ুন: সিরিয়ালে অভিনয়ের টোপে কলকাতার হোটেলে তরুণীকে আটকে রাখার অভিযোগ, ১০০ ডায়ালে কিস্তিমাত