দ্য ওয়াল ব্যুরো: বাড়ি থেকে বেরিয়ে দেখলেন স্টেশনে পৌঁছনোর ২ মিনিট আগে ট্রেন বেরিয়ে গিয়েছে। কিংবা ট্রেন একেবারেই বাতিল। ফলে অফিস বা দরকারি কাজে যেতে দেরি। মাঝেমধ্যেই অনেকে এরকম সমস্যার সম্মুখীন হন। এবার তাঁদের সাহায্যেই এগিয়ে এল পূর্ব রেল। সম্প্রতি একটি নতুন অ্যাপ আনা হয়েছে রেলের তরফ থেকে। সেই অ্যাপেই লোকাল ট্রেন সম্পর্কে সমস্ত তথ্য পেয়ে যাবেন সাধারণ মানুষ।
অ্যাপটির নাম ‘শিয়ালদহ সাব–আরবান ট্র্যাকিং সিস্টেম’ট্রেনের সময় আরও নিখুঁতভাবে জানতে নতুন প্রযুক্তি আনল পূর্ব রেল। জিপিএস চালিত এই প্রযুক্তিতে ট্রেনের সময়ের পাশাপাশি সেটি কোন প্ল্যাটফর্মে আসছে, তাও জানা যাবে। শিয়ালদা শহরতলির ট্রেনের অ্যাপের বিজ্ঞাপন থেকে আয় হওয়া অর্থ ব্যয় করা হয়েছে নতুন এই অ্যাপটিকে আরও উন্নত করতে। লকডাউনে এই এই অ্যাপে সর্বোচ্চ ১ লক্ষ টাকা আয় করেছে রেল। একদিনে সর্বোচ্চ ১১ হাজার ৮০০ টাকা।
পূর্বরেলের শিয়ালদা শাখার অভ্যন্তরীণ সার্ভারের সঙ্গে এই নতুন অ্যাপটি সংযুক্ত রয়েছে। যা স্বয়ংক্রিয়ভাবে তথ্য নিতে সক্ষম। ফলে ট্রেনের গতি, স্টপেজ, থামার সময় নিখুঁতভাবে জানাতে সক্ষম। ট্রেন আসতে দেরি হলেও জানা যাবে অ্যাপের মাধ্যমে। শিয়ালদহ ডিভিশনের যে কোনও স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীদের দুশ্চিন্তা থেকে মুক্তি দিতেই নতুন অ্যাপটি এনেছে পূর্ব রেল। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিলেই যাত্রীরা জানবেন ট্রেনের গতিবিধি। যে ট্রেনের জন্য অপেক্ষা, তার বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।