শেষ আপডেট: 28 August 2023 04:21
দ্য ওয়াল ব্যুরো: দত্তপুকুরে বিস্ফোরণের (duttapukur blast) ঘটনায় পুলিশের জালে কেরামতের এক সহযোগীকে গ্রেফতার করল পুলিশ। বিস্ফোরণের ঘটনায় এটিই প্রথম গ্রেফতারি। ধৃত ব্যক্তির নাম সফিকুল ইসলাম। জানা যাচ্ছে, বিস্ফোরণে ক্ষতিগ্রস্থ বাজি কারখানার মালিকানায় কেরামতের সঙ্গে অংশীদারি ছিল এই সফিকুলেরও।
জানা গেছে, এগরার বিস্ফোরণের সময়ে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বেআইনি বাজি কারখানার সঙ্গে যুক্ত অভিযুক্তদের গ্রেফতারির সময়ে তালিকায় ছিলেন কেরামতও। সেই সময়ে গ্রেফতার করা হলেও পরে ছাড়া পেয়ে গিয়েছিলেন কেরামত। ছাড়া পেয়েই ফের রমরমিয়ে মাথা চাড়া দিয়েছিল বেআইনি বাজির কারখানা। এমনকি ২০২১ সালে কারখানার লাইসেন্স রিনিউ না করিয়েই চলছিল বেআইনি বাজির ব্যবসা।
স্থানীয়দের কথায়, এমন বিস্ফোরণ নতুন নয়, এর আগেও বেশ কয়েকবার ছোটখাটো বিস্ফোরণ ঘটে ওই বাজি কারখানায়। তবে তাতে পরোয়া করতো না কেরামত। নিজেই চিকিৎসা করিয়ে আসত সে এবং তার দলবল। এবার অবশ্য শেষরক্ষা হল না। রবিবার রাতেই মৃত্যু হয় কেরামতের। মারা যায় তাঁর ১৮ মাসের পুত্রসন্তানও।
রবিবারের বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। বাজি কারখানা নামের পরিচিত ওই দোতলা বাড়িটির ছাদ পর্যন্ত উড়ে যায়। কর্মীদের পুড়ে ঝলসে যাওয়া, দলা পাকানো দেহ ছিটকে পড়েছিল এদিক ওদিক, আটকে গিয়েছিল পেয়ারা গাছের ডালে। কোথাও পুড়ে যাওয়া দেহাংশ ছিটকে এসেছিল আশেপাশের বাড়িতে। রবিবার রাতেই এলাকা পরিদর্শন করেন রাজ্যপাল। আজ অর্থাৎ সোমবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির কয়েকজন প্রতিনিধি যাবেন দত্তপুকুর এলাকায়।
দত্তপুকুর কাণ্ডে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত কেবলমাত্র সময়ের অপেক্ষা, ধূপগুড়িতে তোপ নিশীথের