
শেষ আপডেট: 19 July 2023 13:03
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: ছ'দিনের টানাপড়েন শেষ হল বুধবার। দুর্গাপুর মহকুমা আদালতের (Durgapur Court) অতিরিক্ত মুখ্য বিচারক অসীমানন্দ মণ্ডলের এজলাসে চলতে থাকা অচলাবস্থা কাটল। এদিন দুপুরে দুর্গাপুর মহকুমা আদালতের বার আসোসিয়েশনের (Bar Association) সদস্যরা বৈঠক করেন। তারপরেই দুর্গাপুর বার আসোসিয়েশনের সভাপতি দেবব্রত সাঁই জানান, বিচারক অসীমানন্দ মণ্ডলের এজলাসে কাজে যোগ দেবেন আইনজীবীরা।
পঞ্চায়েতের ভোট গণনার দিন বুদবুদ ও মানকরে বিরোধী দলের পোলিং এজেন্টদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বুদবুদ থানার পুলিশ অভিযুক্ত ১১ জনকে দুর্গাপুর মহকুমা আদালতের অতিরিক্ত মুখ্য বিচারক অসীমানন্দ মণ্ডলের এজলাসে হাজির করলে বিচারক অভিযুক্তদের সকলেরই জামিনের আবেদন নাকচ করে দেন। ধৃতদের মধ্যে রতন মণ্ডল চাকতেঁতুল গ্রাম পঞ্চায়েতের সদ্য জয়ী এক পঞ্চায়েত সদস্যার স্বামী, যিনি আবার দুর্গাপুর মহকুমা আদালতের ল-ক্লার্ক। মূলতঃ তাঁর জামিনের আবেদন নাকচ হওয়ায় সমস্যা তৈরি হয়।
বার অ্যাসোসিয়েশনের সদস্যরা বিচারক অসীমানন্দ মণ্ডলের এজলাস বয়কটের সিদ্ধান্ত নেন। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হন বিচারক অসীমানন্দ মণ্ডল। বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁকে আইন অনুযায়ী চলারই পরামর্শ দেন। বিচারকের এজলাস বয়কটের সিদ্ধান্ত জানার পর দ্রুত অচলাবস্থা কাটাতে জেলাজজকেও নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার দুপুরে দুর্গাপুর আদালতে আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন জেলাজজ। তারপরেই বুধবার নিজেদের মধ্যে আলোচনা করে ফের বিচারক অসীমানন্দ মণ্ডলের এজলাসে যোগদানের সিদ্ধান্ত ঘোষণা করে দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশন।
বার অ্যাসোসিয়েশনের সঙ্গে তৃণমূল যোগের যে অভিযোগ উঠেছে তাও খণ্ডন করেন বার আসোসিয়েশনের সভাপতি দেবব্রত সাঁই। তিনি বলেন, “এই ঘটনায় তৃণমূলপন্থী আইনজীবীদের কোনও ভূমিকা নেই।”
ভিনজেলা থেকে তৃণমূল কর্মীরা কলকাতায়, হাওড়া স্টেশনে একুশের প্রস্তুতি নিচ্ছে পুলিশ