দ্য ওয়াল ব্যুরো: পুজো মামলা নিয়ে কলকাতা হাইকোর্ট সোমবার নজিরবিহীন রায় দিয়েছিল। রাতেই জানা গিয়েছিল সেই রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়ে রিট পিটিশন দাখিল করবে ফোরাম ফর দুর্গোত্সব। মঙ্গলবার সেই পিটিশন গ্রহণ করল হাইকোর্ট। বুধবার হবে মামলার শুনানি। জানা গিয়েছে ফোরামের হয়ে সওয়াল করবেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
সোমবার হাইকোর্টের দুই বিচারপতি অরিজিত্ বন্দ্যোপাধ্যায় ও সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ পুজো মামলার রায় দিয়েছিল। তাতে রাজ্যের সমস্ত পুজো মণ্ডপকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে আদালত। প্রসঙ্গত, রিভিউ পিটিশনও দাখিল হয়েছে ওই একই বেঞ্চে।
কলকাতার পুজো কমিটিগুলির কেন্দ্রীয় সংগঠন ফোরামের সাধারণ সম্পাদক শাশ্বত বসু সোমবার রাতেই রিট পিটিশন ফাইলের কথা জানান।
প্রসঙ্গত,রায় ঘোষণার পর সোমবার বিকেলে কলকাতার প্রায় এক ডজন পুজো উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। টালা পার্ক, শ্রীভূমি, সুরুচি সংঘ-সহ প্রায় সব বড় পুজোর উদ্যোক্তারাই বলেছিলেন আদালতের নির্দেশ মেনেই পুজো করবেন।কিন্তু রাতেই জানা যায় ফের আদালতে যাবে ফোরাম।
আদালত রাজ্যের সমস্ত পুজো মণ্ডপকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করার নির্দেশ দিয়েছে। তাছাড়াও একাধিক বিধির গাইডলাইন ঠিক করে দিয়েছে আদালত। এখন দেখার পঞ্চমীর দিন আদালত নতুন কোনও রায় দেয় কিনা।