
দার্জিলিঙে ধস
শেষ আপডেট: 28 September 2024 13:12
দ্য ওয়াল ব্যুরো: দু’দিনের ভারী বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি উত্তরবঙ্গেও। নামছে ধস। বিপর্যস্ত যোগাযোগের পথ। তিস্তা-তোর্সার আশপাশের নিচু এলাকার বাসিন্দাদের ইতিমধ্যেই সতর্ক করেছে প্রশাসন।
শুক্রবার রাত থেকেই হু হু করে জল বেড়েছে তিস্তা নদীতে। এরই মধ্যে আবার তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে। সিকিম-সহ উত্তরের সমতলেও টানা বৃষ্টি হয়েই চলেছে। মাইকে সতর্ক করে প্রচার করছে প্রশাসন। টাকিমারি, মালবাজার সব ডিভিশনের একাধিক এলাকা তো বটেই জলপাইগুড়ির ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সরানোর খবরও আসছে।
যে হারে নদী পাহাড়ের ঝোরাগুলির জলের স্রোত বাড়ছে, বৃষ্টি হচ্ছে, তাতে হড়পা বানের আশঙ্কাওউড়িয়ে দেওয়া যাচ্ছে না। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গ্রামে গ্রামে পৌঁছেছিলেন মহকুমা শাসক এবং অন্যান্য আধিকারিকরা।
অতি বৃষ্টির কারণে পাহাড়ের বহু এলাকা যেমন, কালিম্পংয়ের মেল্লি, দার্জিলিঙের চিত্রেতে ধস নেমেছে। রাস্তায় অবরুদ্ধ হয়ে আছে। নির্দেশিকা জারি করে কালিম্পং জেলা প্রশাসন জানিয়ে দিয়েছে আপাতত ১০ নং জাতীয় সড়ক বন্ধই থাকবে।
অন্যদিকে, গরুবাথান থেকে লাভা হয়ে যে রাস্তা বিকল্প হিসেবে ব্যবহার করা হয়, সেটাও খুব একটা ভাল অবস্থায় নেই। সেই রাস্তাও খুব দরকার না হলে ব্যবহার করতে নিষেধ করা হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হয়ে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। ধস নামতে পারে আরও আরও একাধিক রাস্তায়। আশঙ্কা রয়েছে চাষের ক্ষতিরও।