
শেষ আপডেট: 31 December 2022 18:22
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যজুড়ে পঞ্চম দফার দুয়ারে সরকার (Duare Sarkar) শিবির শেষ হল আজ, শনিবার, বছরের শেষদিনে। নভেম্বর মাস থেকে শুরু হয়ে এক মাসের শিবির হওয়ার কথা থাকলেও, মানুষের চাহিদায় তা বাড়াতে হয় গোটা ডিসেম্বর মাস পর্যন্ত।
নবান্ন সূত্ররে খবর, এই পঞ্চম দফায় গোটা রাজ্যে ৮২ হাজার ৩৪৫টি ক্যাম্প চালানো হয়েছিল। তার মধ্যে ৩৪.৫ শতাংশ অর্থাৎ ২৮ হাজার ৩৮১টি ছিল মোবাইল ক্যাম্প। এই মোবাইল ক্যাম্পগুলির মাধ্যমে ১৪ লাখ ৯৫ হাজার রাজ্যবাসী নিজেদের সমস্যা নিয়ে এসেছেন। সব মিলিয়ে ৯৭ লাখ রাজ্যবাসীর সমস্যা নথিভুক্ত হয়েছে এই ক্যাম্পগুলির মাধ্যমে।
জানা গেছে, প্রায় ১ কোটি ৭ লক্ষ রাজ্যবাসীর আবেদন জমা পড়েছে এই দুয়ারে সরকারের ক্যাম্পগুলিতে। সবথেকে বেশি আবেদন জমা পড়েছে বিনামূল্য সামাজিক সুরক্ষার জন্য। এই প্রকল্পের জন্য আবেদন এসেছে প্রায় ৩৫ লাখ। এছাড়া রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী সংক্রান্ত বিষয়ে আবেদন জমা পড়েছে ১০ লাখেরও বেশি। কৃষক বন্ধু প্রকল্পের জন্যও প্রায় ৮ লাখ ৩৪ হাজার আবেদন জমা পড়েছে এই দফায়। এ রাজ্যের মহিলাদের আর্থিকভাবে এগিয়ে আনার একটি জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্প সংক্রান্ত বিষয়েও আবেদন জমা পড়েছে ৭ লাখ ৬১ হাজার।
পুরনো প্রকল্পের পাশাপাশি এবারের দুয়ারে সরকারে কিছু নতুন সুবিধা আনা হয়েছে, যেমন জমির পাট্টা সংক্রান্ত আবেদন গ্রহণ করা। তাতেও ১ লাখ ২০ হাজার আবেদন জমা পড়েছে এই দুই মাসে। এছাড়াও বিদ্যুতের মাশুলে ছাড় সংক্রান্ত আবেদন এসেছে ২ লাখ ২৫ হাজার। বিদ্যুতের নতুন সংযোগের জন্যও আবেদন এসেছে ১ লাখ ২৭ হাজারের বেশি।
স্রোতের মতো অর্ডার ঢুকছে, ডেলিভারি করতে বেরিয়ে পড়লেন জোম্যাটো সংস্থার সিইও