
শেষ আপডেট: 4 September 2022 12:55
দ্য ওয়াল ব্যুরো, মালদহ: মাদক মামলায় (Drug Case) গ্রেফতার হলেন মাছ ব্যবসায়ী জয় প্রকাশ সাহা। রবিবার সকালেই মালদহের (Maldah) গাজোলে এই মাছ ব্যবসায়ীর বাড়িতে হানা দেন রাজ্যের গোয়েন্দারা। চলে তল্লাশি অভিযান। দেখা যায় তাঁর বাড়িতে জমা আছে থরে থরে টাকা। সেই টাকা গুনতে ব্যাঙ্ক থেকে আনা হয় মেশিন। দীর্ঘ ৩ ঘণ্টা ধরে চলে টাকা গোনার কাজ। শেষে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে সিআইডি (CID Arrest)।
রবিবার সকালে হঠাৎই মালদহের গাজোলের ঘাকশোল এলাকায় জয়প্রকাশ সাহা নামে মৎস্য ব্যবসায়ীর বাড়িতে আসেন সিআইডি আধিকারিকরা।বাড়িতে ঢুকে তল্লাশি শুরু করেন রাজ্য তদন্তকারী দল। তল্লাশি করতে গিয়েই চোখ কপালে ওঠার জোগাড় হয় অফিসারদের। দেখতে পান বাড়ির মধ্যেই টাকার পাহাড়। সব ৫০০ ও ২০০০ টাকার নোটের বান্ডিল।
হাতে গোনা সম্ভব নয়। খবর দেওয়া হয় স্থানীয় ব্যাঙ্ককে। সেই ব্যাঙ্ক থেকে নিয়ে আসা হয় টাকা গোনার মেশিন। তার পর একদিকে চলে টাকা গোনার কাজ, অন্যদিকে জয় প্রকাশ সাহাকে জেরা। গুনতে গুনতে দেখা যায় টাকার পরিমাণ কোটি ছাড়িয়েছে। সূত্রের খবর, ওই ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে মোট ১ কোটি ৩৯ লক্ষ ৩ হাজার টাকা!
একজন মাছ ব্যবসায়ীর কাছে এত টাকা এল কীভাবে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই সামনে আসে মারাত্মক তথ্য। সিআইডি আধিকারিকদের প্রাথমিক অনুমান, গাজোলের এই ব্যবসায়ী মাদক পাচারের সঙ্গে যুক্ত আছে। নিষিদ্ধ কাফ সিরাপ পাচার থেকেই এসেছে এই টাকা। যদিও টাকার উৎস সম্পর্কে কোনও সদুত্তর দিতে পারেননি ওই ব্যবসায়ী।
টানা জিজ্ঞাসাবাদের পর এদিন বিকেলে মাদক মামলায় ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে সিআইডি। জানা যাচ্ছে তাঁকে গাজোল থানায় নিয়ে যাওয়া হবে। সেখানেই আরও জিজ্ঞাসাবাদ করা হবে। টাকার উৎস কী, ওই পাচার চক্রের সঙ্গে আর কে কে যুক্ত আছে, সবকিছুরই উত্তর খুঁজবেন রাজ্যের গোয়েন্দারা।
তৃণমূল বিধায়কে সুবোধের একাধিক ফ্ল্যাটে চলছে সিবিআইয়ের তল্লাশি, মিলল কি তথ্য