
শেষ আপডেট: 25 May 2023 14:54
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: নদীতে স্নান করতে গিয়ে একসঙ্গে তলিয়ে (Drowning) গেল তিন ভাইবোন। মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ করনদিঘির (Karandighi) দোমহনা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম চৌনাগারা এলাকা। মৃতদের নাম রোজিনা খাতুন (৯), তাসিনা খাতুন (৭) মহম্মদ রিজুয়ান (৪)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সুধানী নদীতে এক সঙ্গে স্নান করতে গিয়েছিল রোজিনা, তাসিনা, রিজুয়ান। চার বছরের রিজুয়ান ছিল দিদি রোজিনার কোলে। তাসিনা নদীতে স্নান করতে নেমেছিল। এই সময় সুধানী নদীতে তেমন জল থাকে না। কিন্তু আচমকাই তাসিনা নদীতে তলিয়ে যেতে থাকে।
তিনটি বাচ্চার চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে যান গ্রামবাসীরা। এরপর তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তিন শিশুকেই মৃত বলে ঘোষণা করেন।
হাটুজল সুধানী নদীতে এই মর্মান্তিক ঘটনার পর বালি মাফিয়াদের দৌরাত্ম্যের বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এলাকাবাসীদের অভিযোগ, অবৈধভাবে নদী থেকে বালি তোলায় নদীর তলদেশে বড় বড় গর্ত তৈরি হয়েছে। সেই গর্তেই পা ফেঁসে যাওয়া ওই তিন শিশুর এমন মর্মান্তিক মৃত্যু হল।
পেটি পেটি বাজি পাঠিয়েছে শ্যালক! জামাইষষ্ঠীর দিন জামাইবাবু গ্রেফতার