
শেষ আপডেট: 15 August 2023 13:18
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: স্বাধীনতা দিবসে সকালে স্নান করতে গিয়ে গাড়ুই নদীতে তলিয়ে (Drowned In River) গেলেন এক কুড়ি বছরের তরুণ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আসানসোল (Asansol) উত্তর থানার রেলপারের মুৎসুদ্দি মহল্লায় সিদ্দিকি ব্রিজের কাছে। জানা গেছে, ওই যুবকের নাম মহঃ আকিব।
স্থানীয়রা জানিয়েছেন, এদিন সকাল এগারোটার পরে আসানসোল পুরনিগমের ২৫ ও ২৯ নম্বর ওয়ার্ডের মুৎসুদ্দি মহল্লা এলাকায় সিদ্দিকি ব্রিজের কাছে গাড়ুই নদীতে দুই বন্ধুর সঙ্গে মহঃ আকিব স্নান করতে নামেন। আচমকাই তিনজন নদীর জলে তলিয়ে যেতে শুরু করেন। দুই বন্ধু কোনওক্রমে ডাঙায় উঠে আসতে পারলেও আকিব নদীতে তলিয়ে যান।
খবর পেয়ে এলাকায় ছুটে আসেন আসানসোল পুরনিগমের কংগ্রেস কাউন্সিলর এস এম মুস্তাফা, কংগ্রেস নেতা শাহ আলম, প্রসেনজিৎ পুইতুন্ডিরা। তাঁদের অভিযোগ, দুর্ঘটনার বেশ কয়েক ঘণ্টা পরে পুলিশ উদ্ধার কাজে চালাতে ঘটনাস্থলে এসেছে।
আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক ও বোরো চেয়ারম্যান উৎপল সিনহা বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা যথাসাধ্য চেষ্টা করছি যুবককে খুঁজে বার করতে। উদ্ধার কাজ চালানো হচ্ছে।
আরও পড়ুন: বিদ্যুতের শক খেয়ে মৃত্যু যুবকের! মা ও তিন বছরের ভাইঝিকে বাঁচাতে গেছিলেন