দ্য ওয়াল ব্যুরো: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়িকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলে নজরদারি চালানো হচ্ছে বলে আদালতে মামলা হয়েছে। সেই মামলায় দু’দিন আগেই কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের হলফনামা তলব করেছে। এরমধ্যেই শুক্রবার শুভেন্দুর ভাই তথা তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী অভিযোগ করলেন, তাঁদের বাড়ির উপরে ড্রোন ওড়ানো হচ্ছে। সাদা-পোশাকে কিছু লোক এদিন সকালে ড্রোন উড়িয়েছেন শান্তিকুঞ্জের ছাদে।
এ ব্যাপারে দিব্যেন্দু জানিয়েছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী। আমি তাঁর প্রতি শ্রদ্ধাশীল। তাঁকে, লোকসভার আমার পরিষদীয় নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং লোকসভার মুখ্যসচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তিনি ঘটনা জানাবেন।” দিব্যেন্দু আরও বলেন, লোকসভার স্পিকার ওম বিড়লাকেও তিনি জানাবেন গোটা ঘটনা।
দিব্যেন্দুর বক্তব্য, এ ভাবে সিসি ক্যামেরা দিয়ে বাড়িকে নজরবন্দি করা, ড্রোন ওড়ানোর ফলে তাঁদের পরিবারের গোপনীয়তা ক্ষুন্ন হচ্ছে। তমলুকের তৃণমূল সাংসদ মনে করেন, এদিন যে ঘটনা ঘটেছে তাতে হাইকোর্টের নির্দেশও লঙ্ঘিত হয়েছে।
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা দু’সপ্তাহের মধ্যে শুভেন্দুর নিরাপত্তা মামলায় রাজ্য সরকারের কাছে হলফনামা চেয়েছেন। সেইসঙ্গে আদালত এও বলেছে, রাত ৮টার পর বিরোধী দলনেতার বাড়ির সামনে মাইক বাজিয়ে সভা করা যাবে না।
জেড ক্যাটেগরির নিরাপত্তা থাকা সত্ত্বেও নেতাই, বাঁকুড়া এবং কাঁথিতে বারবার তাঁর কর্মসূচিতে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এই অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী। শুভেন্দুর আরও অভিযোগ ছিল, কাঁথিতে তাঁর বাড়িকে বিভিন্ন দিক দিয়ে সিসিটিভি ক্যামেরাবন্দি করা হয়েছে। সারাক্ষণ নজরদারি চলছে। তা ছাড়া শুভেন্দুর বাড়ির সামনে তাড়স্বরে ডিজে বক্স বাজানোর প্রসঙ্গও আদালতে উঠেছে।
আদালতে অবশ্য অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেছেন, নিরাপত্তার জন্যই সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এদিন ড্রোন ওড়ানো সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল।